কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের নেতৃত্বে মিছিলে আলোচিত কিশোর গ্যাং লিডার মো. রতনের উপস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তার পেছনে রয়েছেন আলোচিত রতন গ্যাংয়ের প্রধান মো. রতন ও তার সহযোগীরা। ছবিটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করছেন। এর সুযোগে এসব গ্যাংয়ের সদস্যরা এলাকায় উৎপাত ও তাণ্ডব চালাচ্ছে।
তাদের আরও অভিযোগ, রাজনৈতিক নেতাদের সাথে সংশ্লিষ্টতার কারণে অনেক কিশোর গ্যাংয়ের সদস্যকে আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ছে।
তবে এ বিষয়ে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন বলেন, আমি গ্যাং লিডার রতনকে চিনি না। স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলে কীভাবে সে আমার পেছনে দাঁড়িয়েছে, তা আমি বলতে পারব না। ছাত্রদল কখনো কিশোর গ্যাং কালচার সমর্থন করে না। এখন থেকে দলীয় কর্মসূচিগুলোতে গভীরভাবে দৃষ্টি রাখা হবে।
এদিকে মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মহসিনের সাথে কিশোর গ্যাং লিডার রতনের ছবিটি খতিয়ে দেখা হবে। এর সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা চললেও মিছিলে রতনের উপস্থিতি এবং তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।


