জামালপুর জেলা জিয়া মঞ্চের সহসাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে (৩০) গ্রেফতার করেছে সদর থানার নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। তিনি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন-এমন তথ্য পুলিশের কাছে ছিল। পরে তথ্য যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, জিয়ার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অনলাইন জুয়ার সাইট এবং লেনদেনসংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
জিয়াউর রহমান জিয়া উপজেলার নরুন্দি ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জামালপুর সদর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জিয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার এন্ড্রয়েড মোবাইলে জুয়ার সাইট এবং লেনদেনের তথ্য মিলেছে।
আরও যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।


