মা-বাবা সন্তানের জীবনে সবচেয়ে বড় আশ্রয় ও ভালোবাসার ঠিকানা। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম উপায় হলো নিয়মিত তাদের জন্য দোয়া করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ মা-বাবার সাথে সদাচরণের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের ক্ষমা ও রহমতের জন্য প্রার্থনা করতেও শিখিয়েছেন।
মা-বাবা জীবিত থাকুন কিংবা দুনিয়া থেকে বিদায় নিন, তাদের কল্যাণ কামনায় দোয়া করা সন্তানের জন্য গুরুত্বপূর্ণ আমল। পবিত্র কোরআনে এমন কয়েকটি দোয়া রয়েছে, যেগুলোর মাধ্যমে নিজের পাশাপাশি মা-বাবার জন্যও আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি দোয়া তুলে ধরা হলো।
১. মা-বাবার ক্ষমা প্রার্থনার দোয়া
মা-বাবার জন্য নিয়মিত ক্ষমা প্রার্থনা করা সন্তানের অন্যতম দায়িত্ব। পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.) নিজের মা-বাবা ও মুমিনদের জন্য যে দোয়া করেছেন, তা হলো-
আরবি:
رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٲلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَاب
উচ্চারণ: রাব্বানাগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে সেই দিন ক্ষমা করো, যেদিন হিসাব কায়েম হবে।
(সুরা ইবরাহিম: ৪১)
২. মা-বাবা ও মুমিনদের জন্য ক্ষমার দোয়া
নিজের এবং মা-বাবার পাশাপাশি সব মুমিন নর-নারীর জন্য ক্ষমা চাওয়ার একটি সুন্দর দোয়া রয়েছে পবিত্র কোরআনে। হজরত নুহ (আ.) এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন।
আরবি:
رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٲلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِينَ إِلَّا تَبَارَۢا
উচ্চারণ: রাব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ওয়ালা তাযিদিজ জালিমিনা ইল্লা তাবারা।
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করেছে তাদের এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করো। আর জালিমদের ধ্বংস ছাড়া আর কিছু বাড়িয়ে দিয়ো না।
(সুরা নুহ: ২৮)
৩. মা-বাবার প্রতি রহমত কামনার দোয়া
সন্তানের শৈশবে মা-বাবা সীমাহীন মমতা ও যত্ন দিয়ে তাকে বড় করেন। তাদের সেই ত্যাগ ও ভালোবাসার কথা স্মরণ করে আল্লাহর কাছে তাদের প্রতি বিশেষ রহমত কামনা করার শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ।
আরবি:
رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا
উচ্চারণ: রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।
অর্থ: হে আমার প্রতিপালক! তাদের উভয়ের প্রতি দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।
(সুরা বনি ইসরাঈল: ২৪)
মা-বাবার জন্য দোয়া করা সন্তানের দায়িত্ব
মা-বাবার অবদান কোনো কিছুর বিনিময়ে শোধ করা সম্ভব নয়। শৈশব থেকে জীবনের প্রতিটি পর্যায়ে তাদের ভালোবাসা, ত্যাগ ও যত্ন সন্তানের পথচলাকে সহজ করে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিয়মিত আল্লাহর কাছে তাদের ক্ষমা, কল্যাণ ও রহমত কামনা করা উচিত।
মা-বাবা জীবিত থাকলে তাদের সেবা ও সদাচরণের পাশাপাশি দোয়া করতে হবে। আর তারা ইন্তেকাল করলে তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, সাধ্যমতো সদকা করা এবং তাদের জন্য কল্যাণকর আমল অব্যাহত রাখা সন্তানের জন্য গুরুত্বপূর্ণ।

