...|...|...

বিশ্ব

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরায়েলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, রাত ৯:১৯
Shares
মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরায়েলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ইসরায়েলে নির্মিত জনপ্রিয় ট্রাফিক ও নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’ ব্যবহারের ওপর সরকারি কর্মীদের নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। অ্যাপটির ইসরায়েলি উৎসের কারণে দেশের জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের ঝুঁকি তৈরি হতে পারে—মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর টাইম অব ইসরায়েল।

দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, 'জনগণের ব্যক্তিগত তথ্য ও পরিচয়ের নিরাপত্তার বিষয়ে আমরা কোনো ধরনের আপস করতে পারি না।'

তিনি জানান, ইসরায়েলি আইনের অধীনে পরিচালিত হওয়ার কারণে অ্যাপটির মাধ্যমে নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে সরকার।

তবে নিরাপত্তাঝুঁকির সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিয়ে বিকল্প হিসেবে মালয়েশিয়া হাইওয়ে কর্তৃপক্ষের তৈরি দেশীয় মানচিত্রভিত্তিক অ্যাপ ‘তুজু’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইতোমধ্যে দেশটির সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর সরকারি সংস্থাগুলোর প্রধানদের কাছে চিঠি পাঠিয়ে অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতরের এক কর্মকর্তা চিঠিটির সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, স্যাটেলাইট সংকেত ও চালকদের তথ্যের ভিত্তিতে যানজটের হালনাগাদ পথ দেখানো ‘ওয়েজ’ অ্যাপটি ইসরায়েলে তৈরি হয়েছিল। পরবর্তীতে ২০১৩ সালে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রায় ১০০ কোটি ডলারে এটি কিনে নেয়।