ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ভিসার মেয়াদ শেষ হওয়া বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বিদেশি নাগরিকদের যে জরিমানা দিতে হয়, তা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে আঞ্চলিক সরকার। এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত শর্ত পূরণ করে জরিমানার বকেয়া অর্থের মাত্র ২৫ শতাংশ পরিশোধ করেই এ সুবিধা নিতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত ১৫ অক্টোবর কুর্দিস্তান আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২১ অক্টোবর) বাগদাদের বাংলাদেশ দূতাবাসের বরাতে এ তথ্য জানা গেছে।
দূতাবাস জানায়, যারা বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন, কিন্তু কোনো কারণে ভিসার মেয়াদ বাড়াতে পারেননি কিংবা ভিসাকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, তারা এ সুবিধার আওতায় আসবেন। এ ছাড়া যেসব বিদেশি নাগরিকের রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও নির্ধারিত শর্তে জরিমানায় ছাড় পাবেন।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০১১ সালের নির্দেশনার ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট বকেয়া জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। অর্থাৎ, জরিমানার বাকি ৭৫ শতাংশ মওকুফ করা হবে।
এ সুবিধা পেতে আগ্রহীদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি অধিদফতরে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত যেসব বিদেশি নাগরিকের ভিসা বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য এ সিদ্ধান্ত আর্থিক চাপ কমানোর সুযোগ তৈরি করবে। তবে সুবিধা নিতে নির্ধারিত সময়সীমা ও শর্ত অনুসরণ করতে হবে।

