...|...|...

বিশ্ব

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ আটক ১৭৩

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৭
Shares
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ আটক ১৭৩

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেপাংয়ে বিমান হ্যাঙ্গার নির্মাণ প্রকল্প, গুদাম ও বিমান ইঞ্জিন পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে ১৪৭ বাংলাদেশিসহ ১৭৩ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহ গোয়েন্দা তথ্য সংগ্রহের পর অভিযানটি পরিচালনা করা হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ৮৮ কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযানে মোট ২৬১ জনকে যাচাই করা হয়। তাদের মধ্যে ২১৭ জন বিদেশি এবং ৪৪ জন মালয়েশিয়ান নাগরিক ছিলেন। প্রকল্পের বিভিন্ন সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও যাচাই করা হয়।

আটক ১৭৩ বিদেশির বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশিয়ান ও ৯ জন পাকিস্তানি নাগরিক। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিযানে এমন তথ্য পাওয়া গেছে যে, নির্মাণস্থলে বিদেশি শ্রমিকদের অন্য প্রতিষ্ঠানের নামে ইস্যু করা অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস ব্যবহার করে নিয়োগ দেওয়া হচ্ছিল। পাশাপাশি সামাজিক ভিজিট পাসের অপব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে।