...|...|...

বিশ্ব

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে কী প্রভাব ফেলবে?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৪
Shares
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে কী প্রভাব ফেলবে?

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কের ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা চলছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনই বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়নি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বিবিসিকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদের শেষ পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন এবং নিজের পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন।’

পেসকভের এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে দলই কংগ্রেসের নিয়ন্ত্রণ পাক না কেন, মস্কো আপাতত স্বাভাবিক কূটনৈতিক ও রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকার প্রত্যাশা করছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের শর্ত অনুযায়ী চূড়ান্ত শান্তিচুক্তি আদায়ে রাশিয়ার প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি ট্রাম্প। তবে তার পররাষ্ট্রনীতির কিছু পদক্ষেপ ক্রেমলিনের জন্য ইতিবাচক হয়েছে।

সম্প্রতি রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার ডিজেল কেনার বিষয়েও সম্মতি দিয়েছেন তিনি। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুলনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বেশি সমালোচনা করেছেন ট্রাম্প।

তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য বদলে গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে মনে করছে রাশিয়ার সংবাদমাধ্যম নেজাভিসিমায়া গেজেতা। সপ্তাহের শুরুতে প্রকাশিত এক পূর্বাভাসে পত্রিকাটি বলেছে, রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডোনাল্ড ট্রাম্পকে ডেমোক্র্যাটদের শুরু করা একাধিক তদন্তের মুখোমুখি হতে হতে পারে।

এতে রাশিয়াবিষয়ক নীতিসহ নিজের পছন্দের পররাষ্ট্রনীতি বাস্তবায়নেও বাধার মুখে পড়তে পারেন ট্রাম্প বলে আশঙ্কা প্রকাশ করেছে পত্রিকাটি।