যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ডেমোক্র্যাট নেতাদের অতিরিক্ত প্রচারের সুযোগ দিয়ে রক্ষণশীল প্রার্থীদের নির্বাচনী ক্ষতির মুখে ফেলেছে সংবাদমাধ্যমটি।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ফক্স নিউজের সমালোচনা করে এ অভিযোগ করেন ট্রাম্প। পোস্টে তিনি বলেন, ‘এই পরাজয়ের দায় ফক্স নিউজের। তারা ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধীদের প্রচারের সুযোগ দিয়েছে, যা আরও খারাপ পরিস্থিতি তৈরি করেছে।’
পোস্টে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর নাম উল্লেখ করেও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। ফক্স নিউজ কেন ডি ব্লাসিওকে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে দেশ পরিচালনা নিয়ে মতামত দেওয়ার সুযোগ দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ট্রাম্পের দাবি, মেয়রের দায়িত্ব ছাড়ার সময় ডি ব্লাসিওর বিদায় ছিল অসম্মানজনক।
নির্বাচনী প্রচারের সময় থেকেই ফক্স নিউজের বিভিন্ন উপস্থাপক ও সম্পাদকীয় অবস্থানের সমালোচনা করে আসছেন ট্রাম্প। নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে সংবাদমাধ্যমটির কিছু অবস্থানের বিরোধ থাকায় বিভিন্ন সময়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে দলটি। কংগ্রেসের দুই কক্ষে নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।


