ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করতে হবে। বিএনপির নেতা-কর্মীদের মানুষের সমস্যা সমাধানে আন্তরিক হতে হবে। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ভোলার চরফ্যাশন সদর রোডে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম নয়ন বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকার কারণে ইতিমধ্যে অনেককে কারাগারে যেতে হয়েছে। আমরা সব মতের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই। তবে যারা গত ১৭ বছর অপকর্ম করেছেন, তাদের জেলে থাকতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। যুবদলও প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে।
চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য বলেন, এ অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন ও নদীভাঙন রোধে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। সিদ্ধান্ত অমান্য করার কারণে দল বিব্রতকর পরিস্থিতিতে পড়লে তা দলের প্রতি আনুগত্যের অভাব হিসেবে বিবেচিত হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. ফিরোজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও জ্যেষ্ঠ সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।
চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন।

