...|...|...

সারাদেশ

মানিকগঞ্জে বাসে আগুনসহ ১২টি ককটেল বিস্ফোরণ, আটক ১০

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯
Shares
মানিকগঞ্জে বাসে আগুনসহ ১২টি ককটেল বিস্ফোরণ, আটক ১০

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে সন্ধ্যা ৭টার থেকে ১টা পর্যন্ত দফায় দফায় ১২টি ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন টায়ারে জালিয়ে আগুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ সন্দেহ ভাজন হিসেবে ১০ জনকে আটক করেছে । 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের পর থেকে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে,  মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে , বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ের সামনে, পাশাপাশি পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং ঘিওর রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হলের সামনের পুলিশ বক্সের পাশে পার্কিং করে রাখা একটি মিনিবাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জেলা শহরের বাইরে সাটুরিয়ার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে  আগুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ দুইজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিক ভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে হঠাৎ এসব ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনমনে আতঙ্ক বিরাজ করছে।