টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কাঁচা মরিচ চাষিরা। অনেক ক্ষেতের মরিচ গাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে।
এর সরাসরি প্রভাব পড়েছে মানিকগঞ্জের ক্রেতাদের পকেটে। বর্তমানে জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। গতকাল বুধবার জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আগের তুলনায় কাঁচা মরিচের দাম হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। সরবরাহ কম থাকায় ব্যবসায়ীরাও চাহিদা অনুযায়ী মরিচ সংগ্রহ করতে পারছেন না। ফলে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে দাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ অফিস সূত্রে জানা গেছে টানা বৃষ্টিতে কাঁচা মরিচসহ জেলায় ২২২ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে ৪ হাজার ৮৮৫ জন কৃষক ক্ষতির মুখে পড়েছে।
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী পান্নু ব্যাপারী বলেন, গত সপ্তাহের চেয়ে ২০০ থেকে ২৫০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে, সরবরাহ কম থাকার কারণে।
একজন মরিচ ক্রেতা বলেন,টানা বৃষ্টিতে ক্ষেতে পানি জমে অনেক মরিচ নষ্ট হয়ে গেছে। চাহিদার তুলনায় বাজারে মরিচ কম আসছে। তাই দাম বেড়েছে। ’হঠাৎ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আশা করি, আবহাওয়া স্বাভাবিক হলে বাজারে সরবরাহ বাড়বে এবং কাঁচা মরিচের দামও কমে আসবে।


