ভারতের উত্তরপ্রদেশে মাঝ আকাশে হঠাৎ ‘স্মোক অ্যালার্ম’ বেজে ওঠায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বারাণসী থেকে দিল্লিগামী বিমানটিতে এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও পরে ১৫৫ যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আইএক্স ১২৫৩ ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৮টা ৫২ মিনিটে বারাণসী থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানে হঠাৎ ‘স্মোক অ্যালার্ম’ বেজে ওঠে।
অ্যালার্ম বেজে ওঠার পর পরিস্থিতি বুঝতে পেরে সতর্ক হয়ে যান পাইলট। তিনি দ্রুত লখনউ এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সাথে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর বিমানটি লখনউ বিমানবন্দরের দিকে ঘুরিয়ে নেওয়া হয়।
বিমানটি অবতরণের আগেই সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। পরে বিমানটি নিরাপদে লখনউ বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর ১৫৫ যাত্রীকে বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।
এরপর বিমানটির বিভিন্ন অংশ পরীক্ষা করে দেখা হয়। তবে প্রাথমিক পরীক্ষায় বিমানে ধোঁয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। পাশাপাশি সন্দেহজনক কোনো বিষয়ও শনাক্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাঝ আকাশে কেন ‘স্মোক অ্যালার্ম’ বেজে উঠেছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অ্যালার্ম সক্রিয় হওয়ার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


