প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বড় কোনো পরিবর্তন না এলেও নতুন করে আরও দুই সংসদ সদস্য যুক্ত হতে যাচ্ছেন। তারা হলেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সরকারের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (২০ আগস্ট) অথবা নতুন রাষ্ট্রপতির শপথের আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির কাছে শপথ নিতে পারেন। তবে রাষ্ট্রপতির শপথের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় শপথ নেওয়া অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। এরপর প্রায় দুই মাস ধরে মন্ত্রণালয়টিতে নতুন মন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ আসন থেকে এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। কয়েক দিন ধরেই তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছিল।
তবে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে সাচিং প্রু জেরী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।
বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য ৫০ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রী পদমর্যাদার। নতুন দুই সদস্য যুক্ত হলে মন্ত্রিসভার আকার আরও বাড়বে।
এদিকে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলটির রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।
রাষ্ট্রপতি নির্বাচনের পর নতুন রাষ্ট্রপতির শপথের প্রস্তুতিও চলছে বঙ্গভবনে। তবে শপথের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সরকারি সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের পরই শপথের তারিখ নির্ধারণ করা হবে।



