...|...|...

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে সরকার দলের এমপিরা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:০৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৯
Shares
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে সরকার দলের এমপিরা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে সংসদীয় দলের বৈঠকে বসেছেন বিএনপির সংসদ সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি জানিয়েছেন। বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন।

দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোটাভুটি হতে যাচ্ছে। এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুদ্দোজা চৌধুরী।

ওই নির্বাচনে আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে দেশের ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।