তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (১৬ নভেম্বর) বৈঠকে বসছে সপ্তম ন্যূনতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নতুন বেতন কাঠামো নির্ধারণে এটি মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক। সভায় শ্রমিকদের প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।
তবে ওই বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো প্রস্তাব দেননি। নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে তারা বোর্ডের কাছে সময় চান। পরে মজুরি বোর্ড তাদের চার কার্যদিবস সময় বেঁধে দেয়।
এদিকে, মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে গতকাল সন্ধ্যায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।


