রাজনীতিতে অংশ নেওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নতুন প্রজন্মকে পরিবেশের যত্ন নেওয়া, বৃক্ষরোপণ এবং প্রাণিকুলের প্রতি মানবিক আচরণের পরামর্শ দিয়েছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী। তাদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক।
এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ শিক্ষার্থী ও ছয় শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ শিক্ষার্থী ও দুজন শিক্ষক সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন।
সংসদ অধিবেশনের বিরতিতে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহ বাড়বে। তবে রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে নিজেদের দক্ষতা, যোগ্যতা ও নাগরিক দায়িত্ববোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলাপকালে শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষভাবে সচেতন হওয়ার পরামর্শ দেন তারেক রহমান।
প্রথমত, নিজেদের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন।
দ্বিতীয়ত, বর্ষা মৌসুমে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে ব্যক্তিগত আনন্দের উপলক্ষকে পরিবেশ সংরক্ষণের উদ্যোগে পরিণত করার কথা বলেন তিনি।
তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদ অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।
সূত্র: বাসস


