...|...|...

চট্টগ্রাম

আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি প্রায় ৭০ লাখ টাকা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২২
Shares
আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি প্রায় ৭০ লাখ টাকা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল (ধর্মঘর) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঔষধের গোডাউনসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ময়ূরখীল এলাকার একটি দোকান শেডের এক পাশে থাকা চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

অগ্নিকাণ্ডে ঔষধ ব্যবসায়ী আতুসে মারমার ঔষধের গোডাউন ও দোকান, রেম্রাচাই মারমার সার ও কীটনাশকের দোকান এবং সাথোয়াই মারমা ও অংগ্য মারমার দুটি চায়ের দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা ঔষধ, সার-কীটনাশক, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষীছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।