ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘায়িত করে দেশটির তেল সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদের একাংশের নিয়ন্ত্রণ নেওয়ার সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের সাথে তুলনা করেছেন তিনি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডে বৈঠক ও গলফ টুর্নামেন্টে অংশ নেওয়ার সময় ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান ছাড়বে, তবে শর্ত রয়েছে। মার্কিন সিদ্ধান্ত অনুযায়ী ভেনেজুয়েলার মতো সেখানে থেকে গিয়ে তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার সুযোগও হাতছাড়া করা হবে না।
ট্রাম্প আশা প্রকাশ করেন, ইরান সংঘাত এ বছরের শেষেই, বিশেষ করে নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হতে পারে। যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের সাথে যেকোনো চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, কেবল লাভজনক ও সঠিক চুক্তি হলেই তিনি তাতে সই করবেন। তেহরান ক্রমাগত শান্তির আলোচনার জন্য যোগাযোগ করছে বলেও দাবি করেন তিনি, যদিও ইরানি কর্তৃপক্ষ এমন দাবি আগে থেকেই অস্বীকার করে আসছে।
এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা এবং সৌদি আরবের তেল পাইপলাইনে সাম্প্রতিক হামলার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। তেল ব্যবসায়ীদের মতে, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে আরও বৃদ্ধি পেতে পারে।


