...|...|...

বিশ্ব

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০০
Shares
ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টার সাথে তুলনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র চাইলে ইরানেও স্থায়ীভাবে অবস্থান করে ‘তেল নিজেদের দখলে রাখতে’ পারে। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডে সফরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।

সফরকালে তিনি আবারও আশা প্রকাশ করেন যে, আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই অথবা তার আগেই ইরানের সাথে চলমান এ যুদ্ধের অবসান ঘটবে।

উল্লেখ্য, সম্প্রতি একটি সৌদি তেল পাইপলাইনে হামলার ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আন্তর্জাতিক তেল বাজারকে মারাত্মকভাবে নাড়া দিয়েছে এবং সোমবার বাজার খোলার সাথে সাথেই তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ট্রাম্প বলেন যে তিনি কেবল একটি সঠিক চুক্তিই করবেন এবং কোনো অবস্থাতেই কোনো খারাপ বা অগ্রহণযোগ্য সমঝোতায় যাবেন না। এ সময় তিনি দাবি করেন যে ইরান শান্তির আলোচনার জন্য বারবার ফোন করছে—যদিও তেহরান অতীতে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।

তবে এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ নতুন আরেকটি বিকল্পের কথাও উল্লেখ করেছেন।

গত আগস্টে ভেনেজুয়েলার সাথে স্বাক্ষরিত চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত (ইরান থেকে) বের হয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।