...|...|...

খেলা

ভুয়া কোচিং সনদ বিক্রি আর্জেন্টাইন কোচের, ক্রেতার তালিকায় ব্রাজিলের তারকারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৯
Shares
ভুয়া কোচিং সনদ বিক্রি আর্জেন্টাইন কোচের, ক্রেতার তালিকায় ব্রাজিলের তারকারা

আলেহান্দ্রো মানকুসোর সাথে ব্রাজিলের সাবেক ফুটবলার ফেলিপে মেলো, ডানে কোচিং লাইসেন্স হাতে থিয়াগো সিলভা। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের (এটিএফএ) অভ্যন্তরে কথিত ‘সনদ বিক্রি চক্রের’ সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে আলেহান্দ্রো মানকুসোর বিরুদ্ধে। সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার একসময় কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সহকারী কোচ ছিলেন। অভিযোগ রয়েছে, কোচিং কোর্স সম্পন্ন না করেই থিয়াগো সিলভা, ফেলিপে মেলোসহ বেশ কয়েকজন সাবেক তারকা ফুটবলারকে লাইসেন্স পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল।

ইউওএলের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ম্যারাডোনার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা মানকুসোর বিরুদ্ধে এটিএফএর মাধ্যমে ভুয়া কোচিং সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সাবেক ফুটবলারদের কোচিং কোর্সে অংশ নেওয়ার প্রয়োজন নেই এমন আশ্বাস দিয়ে মাত্র ১০ দিনের মধ্যে লাইসেন্স দেওয়ার প্রস্তাব করা হতো। এ বিষয়ে মানকুসো অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন।

আর্জেন্টিনার সাবেক বোকা জুনিয়র্স ও ইন্ডিপেন্ডিয়েন্তে খেলোয়াড় মানকুসোকে ঘিরে ইউওএলের অনুসন্ধানে দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ কোচিং শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে একটি কথিত ‘লাইসেন্সিং মাফিয়া’র কার্যক্রমের বিষয়টি সামনে এসেছে।

প্রকাশিত একটি অডিও রেকর্ডিংয়ে অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি আমাদের ফেডারেশন সভাপতির সাথে এমন একটি সমঝোতা করেছি, যাতে ফুটবল খেলা এসব তারকার অনলাইন কোর্সটি করতে না হয়। ব্যস, বিষয়টি শেষ। এসব খেলোয়াড় সারা জীবন ফুটবল খেলেছে, তাদের কি সত্যিই তিন বছরের অনলাইন কোর্স করতে হবে?’

অভিযোগ অনুযায়ী, মানকুসোর মাধ্যমে কোচিং লাইসেন্স পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা থিয়াগো সিলভা, লুইজ গুস্তাভো, দিয়েগো লুগানো, পাওলো গুয়েরেরো, রবার্তো কার্লোস, ফেলিপে মেলো, অ্যালেক্স ডি সুজা, পেতকোভিচ ও পাওলিনহো। এসব লাইসেন্স দ্রুত পেতে আবেদনকারীদের প্রায় ১ লাখ ব্রাজিলিয়ান রিয়াল করে দিতে হতো বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ব্রাজিলের কয়েকজন ফুটবলারের হাতে কোচিং সনদ থাকা একটি ছবিও সামনে এসেছে। সেখানে থিয়াগো সিলভার সনদ দেখা যায়, যার তারিখ হিসেবে ডিসেম্বর ২০২৩ উল্লেখ রয়েছে। তবে সনদটিতে যে স্বাক্ষর রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্বাক্ষরকারী ভিক্টর কোকো ২০২০ সালেই এটিএফএর পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মানকুসো দাবি করেছেন, তিনি কেবল ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ফেডারেশনের সাথে যোগাযোগের পথ দেখিয়ে দিয়েছেন। তার ভাষায়, ‘অনেক ব্রাজিলিয়ান আমাকে ফোন করেন। কেন? কারণ ব্রাজিলে আমি খুব পরিচিত একজন মানুষ। তারা জানতে চান, কীভাবে এটি করা যায়, কীভাবে এটি পাওয়া যায়। আমি তাদের ফেডারেশনে যোগাযোগের তথ্য দিই, যাতে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি ফেডারেশনে নেই, ফেডারেশনের কোনো অংশও নই। তারা কীভাবে এটি করতে হয় জানতে চাইলে আমি শুধু বিষয়টি সহজ করে দিই, এর বেশি কিছু নয়।’