...|...|...

বিশ্ব

ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৯
Shares
ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

ছবি: এআই

উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব করে এ ঘটনায় কড়া আপত্তি জানিয়েছে। ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষের জন্য পাকিস্তানি নৌবাহিনীর ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণ’-কে দায়ী করেছে নয়াদিল্লি।

ভারতীয় সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি কার্যক্রমের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতের একটি সম্মুখসারির যুদ্ধজাহাজের খুব কাছে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজ দ্রুতগতিতে এগিয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ করেছে ভারত।

তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ঘটনা ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, কৌশলগত কার্যক্রম ও সেনা চলাচলসংক্রান্ত চুক্তির ‘সরাসরি লঙ্ঘন’।

ওই চুক্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় দুর্ঘটনা এড়াতে দুই দেশের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিনকে একে অপরের থেকে অন্তত তিন নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানানো হয়েছে—ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পাকিস্তানের সামরিক ইউনিটগুলোকে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির শর্ত মেনে চলতে হবে।

এদিকে ইসলামাবাদে নিযুক্ত ভারতের শীর্ষ কূটনীতিককেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

এ ঘটনায় পাকিস্তান সরকার বা দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে গত বছর চার দিনব্যাপী তীব্র সামরিক সংঘাতের পর এটিই প্রথম প্রকাশ্য সামরিক উত্তেজনার ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ওই সংঘাতের সময় যুদ্ধবিরতির আগে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল।

কাশ্মীর ইস্যুতে দীর্ঘদিন ধরে বিরোধে থাকা ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীনতার পর তিনটি বড় যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে দুটি যুদ্ধই হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে। ২০১৯ সালে কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক সম্পর্কের অবনতি হলে দুই দেশই একে অপরের রাজধানীতে রাষ্ট্রদূত রাখা বন্ধ করে দেয়। এরপর থেকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ পর্যায়ের কূটনীতিকরা দায়িত্ব পালন করছেন।