সিলেটে জৈন্তাপুর সীমান্ত থেকে ৫০টি উচ্চ ক্ষমতার বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বিজিবি সদরদফতরে প্রেস ব্রিফিংয়ে ৪৮ বিজিবি'র সিও লেফটেন্যান্ট কর্ণেল নূর উদ্দিন আহমাদ জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। তিনি আরও জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এসব বিস্ফোরক উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম। সাম্প্রতিক সময়ে ১০ টি অবৈধ অস্ত্র, গোলাবারুদ ৪৮ রাউন্ড, বিস্ফোরক পাওয়ার জেল ৫০ টি, ৪৮ টি ডিটোনেটর, ৫৯ ফিট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।
এছাড়া মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পাচারের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এসব বিস্ফোরক নাশকতায় ব্যবহার করার জন্য পাচার করা হচ্ছিলো কি না তা তদন্ত করা হচ্ছে। চোরাচালানের হোতাদের তালিকা হালনাগাদ ও তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।


