...|...|...

বিশ্ব

ভারতে মেটার কার্যালয়ে বিক্ষোভ, ৭ দিনের আলটিমেটাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ১১:৫১
Shares
ভারতে মেটার কার্যালয়ে বিক্ষোভ, ৭ দিনের আলটিমেটাম

ছবি: সংগৃহীত

ভারতে বিরোধী দল কংগ্রেসের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন দলটির যুব সংগঠনের নেতাকর্মীরা। একই সাথে অ্যাকাউন্টের ওপর আরোপ করা বিধিনিষেধ তুলে নিতে মেটাকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি।

বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার হায়দরাবাদ ও মুম্বাইয়ে মেটার কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের ভিডিও প্রকাশ করে কংগ্রেসের যুব সংগঠন এক বিবৃতিতে জানায়, ভারতে ব্যবসা করতে হলে মেটাকে দেশটির সংবিধানকে সম্মান করতে হবে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি—বিজেপি সরকারের যেকোনো নির্দেশের কাছে নতি স্বীকার করা চলবে না।

বিবৃতিতে আরও বলা হয়, কোন ভারতীয় নাগরিক কথা বলতে পারবেন, তা নির্ধারণের অধিকার কোনো করপোরেট প্রতিষ্ঠানের নেই।

কংগ্রেসের যুব সংগঠনের অভিযোগ, গত ১৯ নভেম্বর বিজেপি সরকারের নির্দেশে সংগঠনটির সভাপতি এবং যুব শাখার দায়িত্বে থাকা এক দলীয় নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেআইনিভাবে বন্ধ করে দেয় মেটা। এ ঘটনায় বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের ওপর আরোপ করা সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

এ জন্য মেটাকে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মেটা।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের বিরুদ্ধে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, কংগ্রেসের নেতাকর্মীরা শুধু হায়দরাবাদে মেটার কার্যালয় ভাঙচুরই করেননি, বরং সেই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারও করেছেন।

এ ঘটনাকে কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ডের ধরন হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন বিজেপির এই মুখপাত্র। তবে মেটার পক্ষ থেকে অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ কিংবা বিক্ষোভ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।