ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাজিমুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিমুল্লাহ ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়াল ও ফজলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি পুকুরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে উভয়পক্ষের লোকজন বিরোধপূর্ণ পুকুর পাড়ের সামনে অবস্থান নেয়। এ সময় কথা কাটাকাটি ও উত্তেজনার একপর্যায়ে বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আব্দুল আউয়ালের ছেলে নাজিমুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



