...|...|...

বিশেষ প্রতিবেদন

ফ্লাইওভারের নামে ‘পকেট কাটা’ মেগাপ্রকল্প ওরিয়নের

ব্যবসা বাড়াতে ৮ লেনের রাস্তা ২ লেনে, প্রয়োজনের তুলনায় দ্বিগুন বড় পিলার

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৫
Shares
ব্যবসা বাড়াতে ৮ লেনের রাস্তা ২ লেনে, প্রয়োজনের তুলনায় দ্বিগুন বড় পিলার

ছবি: এআই জেনারেটেড

রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের স্বপ্ন দেখিয়ে নির্মাণ করা হয়েছিল ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’ (গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার)। কিন্তু মেগাপ্রকল্পের আড়ালে এটি যে বিগত ১৫ বছরে হয়ে উঠেছিল একটি সংঘবদ্ধ চক্রের ‘টাকা কামানোর মেশিন’ ও নজিরবিহীন দুর্নীতির অভয়ারণ্য, তার থলে বিড়াল বেরিয়ে এসেছে। স্থানীয় সরকার বিভাগের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের বিশদ বিবরণীতে উঠে এসেছে কীভাবে ক্ষমতার অপব্যবহার, আইনি ফাঁকফোকর, টোল বাণিজ্যের নৈরাজ্য এবং কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতাকে কাজে লাগিয়ে রাজকোষ ও সাধারণ জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এমনকি ফ্লাইওভারের নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন, সিটি করপোরেশনের ঊর্ধ্বতনদের ম্যানেজ করে ভিন্ন এক উদ্যোগ নিয়েছিল।  ফ্লাইওভারের পিলার প্রয়োজনের তুলনায় দ্বিগুন বড় করা হয়েছে। যাতে নিচের আটলেনের রাস্তা সংকুচিত হয়। এতে সৃষ্টি হবে যানজট এবং ফ্লাইওভারের উপর চাপ বাড়বে। এতে আয় বাড়বে কোম্পানির। নির্মাণ শেষেও এর সত্যতা মেলে। কারণ আটলেনের রাস্তা সংকুচিত হয়ে দুই লেনের রাস্তায় পরিণত হয়। 

প্রতিবেদনের ৮১ থেকে ৮৪ নম্বর পৃষ্ঠায় ফ্লাইওভারটির নির্মাণকাল থেকে শুরু করে পরিচালনা ও টোল আদায় পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সংঘটিত অসংগতিগুলোর ফিরিস্তি তুলে ধরা হয়েছে। সরকারি নীতি ও অর্থনৈতিক শৃঙ্খলার চরম তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়মের রাজত্ব চালানো হয়েছে।

প্রতিবেদনে পরিলক্ষিত হয় যে, ২০০৯ সাল থেকে পরবর্তীতে দীর্ঘ সময় ধরে মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ, নকশা পরিবর্তন, ব্যয় বৃদ্ধি এবং চুক্তিপত্রের শর্তাবলী পর্যালোচনায় চরম স্বচ্ছতাহীনতা ছিল। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে নির্মিত হলেও পুরো প্রজেক্টে সরকারি স্বার্থ রক্ষার চেয়ে বেসরকারি ইজারাদার ও তৎকালীন শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ সুবিধাভোগীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। প্রাথমিক অনুমোদিত ব্যয়ের চেয়ে বহুগুণ বেশি অর্থ ব্যয় দেখিয়ে একদিকে প্রকল্পের বাজেট বাড়ানো হয়, অন্যদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ না করে মেয়াদের পর মেয়াদ বাড়িয়ে জনগণের করের টাকার হরিলুট চালানো হয়।

মেয়র হানিফ ফ্লাইওভার চালুর পর থেকেই সবচেয়ে বেশি বিতর্ক ও দুর্নীতির অভিযোগ ওঠে এর টোল আদায় প্রক্রিয়াকে কেন্দ্র করে। প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ রয়েছে, সরকার নির্ধারিত নীতিমালার তোয়াক্কা না করে ইজারাদার প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো টোলের হার নির্ধারণ এবং অন্যায্য ও অবৈধভাবে দীর্ঘ দিন বাড়তি টোল আদায় করে এসেছে।

অভিযোগ রয়েছে, ইজারাদার চক্র ও তৎকালীন সিটি করপোরেশনের প্রভাবশালী কর্মকর্তাদের যোগসাজশে দৈনিক হাজার হাজার যানবাহনের টোল আদায়ের প্রকৃত হিসাব লুকিয়ে রাখা হতো। স্বয়ংক্রিয় বা ডিজিটাল মনিটরিং ব্যবস্থার পরিবর্তে ম্যানুয়াল ও অস্বচ্ছ উপায়ে হিসাব রেখে অর্জিত রাজস্বের একটি বড় অংশই সরকারি খাতায় না তুলে সরাসরি প্রভাবশালী সিন্ডিকেটের পকেটে চালান করা হতো। এই অনিয়মের মাধ্যমে ফ্লাইওভার ব্যবহারের জন্য সাধারণ পরিবহন মালিক ও যাত্রীদের ওপর বছরের পর বছর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছিল, যা দিনশেষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহন ব্যয় ও সাধারণ বাস ভাড়ায় প্রভাব ফেলেছে।

তথ্য বলছে, ফ্লাইওভার নির্মাণে বিনিয়োগের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)। তারপরও পাঁচ অর্থবছরে তারা এ প্রকল্পে ব্যয় দেখিয়েছে ২ হাজার ৩৩৫ কোটি টাকা। যদিও এ ব্যয়ের কোনো তথ্য-প্রমাণ সংস্থাটির কাছে নেই। কোন খাতে কত ব্যয় হয়েছে, সে হিসাবও নেই তাদের কাছে। সম্পূর্ণ বেসরকারি বিনিয়োগে নির্মিত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারের সংশোধিত ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১০৮ কোটি ৫৫ লাখ টাকা। বিল্ড ওন অপারেট অ্যান্ড ট্রান্সফার (বিওওটি) পদ্ধতিতে এ প্রকল্পে পরামর্শক ব্যয় ছাড়া সিটি করপোরেশনের আর কোনো বিনিয়োগ নেই। সেখানে ওই ফ্লাইওভার নির্মাণে ঢাকা সিটি করপোরেশন (বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) ২০০৯-১০ অর্থবছরে ব্যয় দেখায় ১০০ কোটি ও ২০১০-১১ অর্থবছরে ৩৩৫ কোটি টাকা। আর বিভক্ত হওয়ার পর ডিএসসিসি ২০১১-১২ অর্থবছরে এ প্রকল্পে ব্যয় দেখায় ৭০০ কোটি, ২০১২-১৩ অর্থবছরে ৬০০ কোটি টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরে ৬০০ কোটি টাকা।

সব মিলিয়ে পাঁচ অর্থবছরে এ ফ্লাইওভার নির্মাণে সিটি করপোরেশনের ব্যয় দেখানো হয় ২ হাজার ৩৩৫ কোটি টাকা। প্রকল্পের তথ্যের বরাত দিয়ে অভিযোগে বলা আছে, গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের মূল সুপার স্ট্রাকচার ও র‌্যাম্প নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৮১ কোটি ৩৭ লাখ টাকা। অন্যান্য ব্যয়ের মধ্যে সড়ক নির্মাণে ২৯৮ কোটি ৯৭ লাখ টাকা, টোল প্লাজা, টোল ব্যবস্থা ও লাইটিং খাতে ১০৫ কোটি ৩৭ লাখ, প্রকল্প ব্যবস্থাপনা ও গুণগত মান নিশ্চিত করতে ১৪৮ কোটি ৭৯ লাখ, পরিবেশগত প্রশমন (মিটিগেশন) খাতে ৫৫ কোটি ৮০ লাখ, ট্রাফিক ডাইভারশন ২০ কোটি ও পরিষেবা সংযোগ লাইন স্থানান্তরে ২৪ কোটি টাকা।

নির্মাণ ব্যয় বৃদ্ধি ও অনিয়ম

ফ্লাইওভারটির মূল নির্মাণ ব্যয় বিভিন্ন দফায় বাড়িয়ে প্রায় ছয় গুণ করা হয়েছে। কিলোমিটার প্রতি ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৪৪ কোটি টাকা, যা দেশের অন্যান্য সমসাময়িক ফ্লাইওভারের চেয়ে (যেমন কুড়িল বা মিরপুর ফ্লাইওভার) দুই থেকে আড়াই গুণ বেশি। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রাথমিকভাবে দুবাই-ভিত্তিক বেলহাসা গ্রুপের সাথে চুক্তি হলেও পরবর্তীতে এক চাতুর্যের মাধ্যমে প্রকল্পটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের করে নেয় ওরিয়ন গ্রুপ।

রাজস্ব ফাঁকি ও টোল আত্মসাৎ

ওরিয়ন গ্রুপ চুক্তি অনুযায়ী দীর্ঘদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) টোলের সঠিক ভাগ দেয়নি। প্রায় ২,৩৯২ দিন টোল আদায়ের এক টাকাও সরকারকে দেওয়া হয়নি। সড়ক ও জনপথ বিভাগের হিসাব অনুযায়ী এই রুটে বছরে প্রায় ১,২০০ কোটি টাকার টোল আদায় হওয়ার কথা থাকলেও, ওরিয়ন গ্রুপ বার্ষিক মাত্র ১৪০ থেকে ১৭৮ কোটি টাকার হিসেব দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। আইন-কানুনের তোয়াক্কা না করে উদ্বোধনের প্রথম দিন থেকেই শর্ত উপেক্ষা করে ৭০ থেকে ১০০ শতাংশ অতিরিক্ত টোল আদায় করেছে প্রতিষ্ঠানটি, যা নিয়ে পরবর্তীতে মহামান্য হাইকোর্টে রিট আবেদনও করা হয়।

পরিকল্পিত ট্রাফিক জ্যাম তৈরি

পরিকল্পনা কমিশনের মূল্যায়নে উঠে এসেছে যে, ফ্লাইওভারে গাড়ি চলাচল বাড়াতে নিচের সড়কগুলোতে কৃত্রিম ও পরিকল্পিত যানজট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। এজন্য ফ্লাইওভারের পিলারগুলো প্রয়োজনের চেয়ে দ্বিগুণেরও বেশি চওড়া করা হয়েছে। এর ফলে নিচের ৮ লেনের রাস্তা সংকুচিত হয়ে ২ লেনে পরিণত হয়েছে, যা সাধারণ মানুষের নিত্য ভোগান্তির কারণ।

ডিএসসিসি’র রাজস্ব বঞ্চিতকরণ ও চুক্তির শর্ত লঙ্ঘন

ফ্লাইওভার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের চুক্তি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্ধারিত রাজস্ব ও পাওনা পাওয়ার কথা থাকলেও, দীর্ঘ সময় ধরে ইজারাদার প্রতিষ্ঠান সিটি করপোরেশনকে তার ন্যায্য হিসাব প্রদান করেনি। অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, সিটি করপোরেশনের রাজস্ব শাখা ও নীতিনির্ধারকদের একশ্রেণির কর্মকর্তা বিপুল আর্থিক সুবিধা এবং ঘুষ বাণিজ্যের বিনিময়ে এই অন্যায্য আর্থিক ক্ষতি দেখেও ‘চোখ বন্ধ’ করে রেখেছিলেন। চুক্তি অনুসারে ফ্লাইওভারের টোল থেকে প্রাপ্ত আয়ের যে সুনির্দিষ্ট অংশ ডিএসসিসির পাওয়ার কথা ছিল, তা অনাদায়ি রেখে বছরের পর বছর হিসাবের গোলকধাঁধা তৈরি করা হয়। সিটি করপোরেশনের অডিট ও তদারকি টিম একাধিকবার আপত্তি তুললেও প্রভাবশালী রাজনৈতিক হাত ও তৎকালীন মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের চাপে সেই ফাইলগুলো বছরের পর বছর হিমাগারে আটকে রাখা হয়েছিল।

নকশা পরিবর্তন ও নিম্নমানের নির্মাণ সামগ্রীর মাধ্যমে জালিয়াতি

প্রতিবেদনে আরও একটি ভয়াবহ তথ্য উঠে এসেছে ফ্লাইওভারের নির্মাণ শৈলী ও স্থায়িত্ব সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে। প্রাক্কলিত মূল নকশা (Structural Design) পরিবর্তন করে কম ব্যয়ে নিম্নমানের উপকরণ ব্যবহার করার মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ টাকা পকেটে পুরেছে। ফ্লাইওভারের র‍্যাম্প তৈরি, সংযোগ সড়ক বা সুনির্দিষ্ট পয়েন্টে অ্যাপ্রোচ রোড নির্মাণে অনিয়ম করা হয়েছে, যার কারণে যানজট কমার বদলে অনেক পয়েন্টে উল্টো যানজট বৃদ্ধি পেয়েছে। নির্মাণাধীন সময়ে ভৌত অগ্রগতি ১০০% না দেখিয়ে কাগজ-কলমে ভুল বিল ভাউচার সাবমিট করা এবং ল্যাবরেটরি টেস্ট বা কোয়ালিটি কন্ট্রোল ছাড়াই শত শত কোটি টাকার অতিরিক্ত বিল পাশ করিয়ে নেওয়ার প্রমাণও তদন্তে মিলেছে। ফলে উদ্বোধনের অল্প কিছুদিনের মধ্যেই ফ্লাইওভারের বিভিন্ন অংশে ফাটল, ঢালাই উঠে যাওয়া এবং জয়েন্টগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছে নগরবাসী, যা প্রতিনিয়ত হাজার হাজার যাত্রীর জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।

তদারকি সংস্থার নীরবতা ও সিন্ডিকেটের প্রভাব

প্রতিবেদনের তালিকা ক্রম ১৯-এ সুস্পষ্টভাবে বলা হয়েছে, এই বিশাল অংকের আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের পেছনে সাবেক নগর পিতা, স্থানীয় সরকার বিভাগের শীর্ষ কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও বেসরকারি পরিচালনা প্রতিষ্ঠানের এক ত্রিমুখী সিন্ডিকেট সক্রিয় ছিল। আইএমইডি (IMED) কিংবা অভ্যন্তরীণ অডিট টিম বিভিন্ন সময় কিছু অসংগতি চিহ্নিত করলেও অদৃশ্য হস্তক্ষেপে তা আলোর মুখ দেখেনি। প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের পরোক্ষ মদদ এবং রাজনৈতিক প্রভাব ছাড়া ঢাকার বুক জুড়ে এমন দীর্ঘমেয়াদি দুর্নীতি ও লুটপাট চালানো কোনোভাবেই সম্ভব ছিল না।

তদন্ত ও শাস্তির সুপারিশ

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে গঠিত এই উচ্চপর্যায়ের কমিটি তাদের অনুসন্ধানী প্রতিবেদনে মেয়র হানিফ ফ্লাইওভার পরিচালনায় জড়িত সাবেক মেয়র, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঠিকাদারি বা পরিচালনা প্রতিষ্ঠানের মালিকদের অবিলম্বে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আওতায় এনে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, ১. ফ্লাইওভারের সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত সকল টোল আদায় ও ব্যয় অডিট করার জন্য নিরপেক্ষ সিএ (CA) ফার্ম ও দুদককে দিয়ে স্বাধীন তদন্ত পরিচালনা করতে হবে। ২. জালিয়াতির মাধ্যমে আত্মসাতকৃত এবং ডিএসসিসির পাওনা বকেয়া অর্থ বাজেয়াপ্ত করে রাজকোষে ফেরত আনার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে হবে। ৩. ফ্লাইওভারের চুক্তি পুনর্মূল্যায়ন (Contract Review) করে টোলের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং পরিচালনার দায়িত্ব স্বচ্ছ প্রক্রিয়ায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। ৪. ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত সরকারি কর্মকর্তা এবং ইজারাদারদের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করতে হবে। 

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোন রেখে দেন।