...|...|...

বিশেষ প্রতিবেদন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অধীনস্ত প্রতিষ্ঠান

পেনশন স্কিমে অন্তর্ভুক্তিতে নির্দেশনা

অন্তত সাত হাজার কর্মকর্তা-কর্মচারী যুক্ত হবে

এনায়েত শাওন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৯ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৫
Shares
পেনশন স্কিমে অন্তর্ভুক্তিতে নির্দেশনা

ছবি: সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ দশ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। নির্দেশনাটি কার্যকর হলে অন্তত সাত হাজার নতুন গ্রাহক যুক্ত হবে জাতীয় পেনশন স্কিমে। ফলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রমে স্থবির কার্যক্রমে নতুন গতি পাবে।

জানা গেছে, কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্ত যেসব প্রতিষ্ঠান সরকারি পেনশনের অন্তর্ভুক্ত নয় তাদেরকে জাতীয় পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত হয়। এরই আলোকে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে গত ১৫অক্টোবর এক চিঠির মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে পেনশন স্কিমে অন্তর্ভুক্তির বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। এ প্রেক্ষিতে গত ৮ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে অধীনস্থ প্রত্যেক অধিদফতর, কর্তৃপক্ষ, কোম্পানি ও কমিশনকে জারিকৃত পত্রের আলোকে সব কর্মকর্তা ও কর্মচারীকে সর্বজনীন পেনশনের প্রগতি স্কিমে অন্তর্ভুক্ত হতে নির্দেশনা দেওয়া হয়। তবে কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ইতিবাচক বা নেতিবাচক কোনো মতামত এখনো জানানো হয়নি।

চিঠির সত্যতা নিশ্চিত করে ডাক টেলিযোগাযোগ বিভাগের সহকারী সচিব (বাজেট-১) মো. মোতাহের হোসেন টাইমস টুডেকে বলেন, অর্থ বিভাগের নির্দেশনা প্রতিপালন করতে মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে। কবে থেকে বা আদৌ সর্বজনীন পেনশন স্কিমে আসবে কিনা তা স্ব স্ব প্রতিষ্ঠানের বোর্ড সভায় বা নিয়মতান্ত্রিকভাবে অনুমোদিত হলে আমাদেরকে জানানো হবে।

পত্র থেকে জানা যায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, ডাক অধিদফতর, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ, টেলিযোগাযোগ অধিদফতর, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড, টেলিটক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিকে এই নির্দেশনা প্রদান করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। চিঠিতে ডাক ও টেলিযোগাযোগ অধিদফতরের নাম থাকলেও দুটি প্রতিষ্ঠান সরকারি পেনশন ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়ায় সর্বজনীন পেনশন ব্যবস্থা থেকে বাদ যাবে বলে সূত্র জানিয়েছে।

এসব প্রতিষ্ঠানগুলোতে ঠিক কি পরিমাণ জনবল আছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও প্রতিটি প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনে কর্মকর্তা ও কর্মচারীর উল্লেখ থাকে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব (কোম্পানি-২) কানিজ ফাতেমা। 

প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ বার্ষিক প্রতিবেদন মোতাবেক আউটসোর্সিংসহ সব মিলিয়ে প্রায় সাত হাজার কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। এর মধ্যে সরকারি রাজস্ব থেকে বেতনভুক্ত রয়েছে নগণ্য কিছু কর্মকর্তা। অন্যদিকে যৎসামান্য কিছু কর্মকর্তা ও কর্মচারী এই স্কিম ইতিমধ্যে গ্রহণ করে থাকতে পারেন ফলে বেশিরভাগ চাকুরেগণ এখনো সর্বজনীন পেনশন স্কিমের আওতার বাইরে রয়েছে। 

তথ্যমতে, বিটিসিএলের ৫৩০০ জন , বাংলাদেশ কেবল শিল্পের আউটসোর্সিং লোকবলসহ প্রায় ৫৫৯ জন, বিটিআরসির প্রায় ৪২০, টেলিটকের ৪৫৭, সাবমেরিন ক্যাবলসের ১৪১, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ, স্যাটেলাইট কোম্পানি, টেলিফোন শিল্প সংস্থা  ও অধীনে কয়েকশ কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে বলা হয়, জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ৪র্থ সভার কার্যবিবরণী সিদ্ধান্ত অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন ব্যবস্থায় 'প্রগতি' স্কিমে অন্তর্ভুক্তির জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ৪র্থ সভার কার্যবিবরণীর ৮নং সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গত ১৭ সেপ্টেম্বর অর্থমন্ত্রণালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সেই সভার কার্যপত্রের ৮নং নির্দেশনায় বলা হয় যে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারের অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থার যেসব কর্মকর্তা-কর্মচারী প্রচলিত সরকারি পেনশন ব্যবস্থার আওতাভুক্ত নন, তাদের সর্বজনীন পেনশন ব্যবস্থার 'প্রগতি' স্কিমে অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থাকে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের  আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রমের উদ্বোধন করেন। ১৮ বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ৬০ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত মাসিক কিস্তি পরিশোধ করে অবসরজীবনের সময় পেনশন-সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন। এরই অংশ হিসেবে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামের চারটি আলাদা পেনশন কর্মসূচি চালু করা হয়। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর মুখ থুবড়ে পড়ে। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর জাতীয় পেনশন স্কিমের কর্মকাণ্ডে প্রভাব পড়বে না জানানো হলেও তা গ্রাহকের মধ্যে পর্যাপ্ত আস্থা জন্মাতে পারেনি। ফলে ক্রমহ্রাসমান সেই ধারা অব্যাহত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গঠিত বর্তমান সরকারের সময়ও। বর্তমান অর্থনৈতিক নাজুক পরিস্থিতি, মানুষের আয় হ্রাস, কর্তৃপক্ষের ওপর গ্রাহকের আস্থা এমনকি প্রচার-প্রচারণার অভাবে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। ফলে, জীবন সায়াহ্নে আর্থিক নিরাপত্তার আশায় সর্বজনীন পেনশন ব্যবস্থার যে যাত্রা শুরু হয়েছিল, তা যেন মুখ থুবড়ে পড়েছে। এমনকি স্কিম গ্রহীতাদের মধ্যে বেশিরভাগই মাসিক চাঁদার টাকা জমা দিচ্ছেন না, যা জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান টাইমস টুডেকে বলেন, চিঠি দেওয়ার নির্দেশনা পর্ষদ সভাতেই হয়েছিল সেটাই বাস্তাবায়িত হয়েছে। আশা করব এসকল দফতরের সকলে পেনশন স্কিমে আসবে। যদি সকলে আসে তবে সংখ্যাটা কম হবে না, যা আমাদের কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনবে।