দেশের ১৫টি সরকারি হাসপাতালে আধুনিক ও পরিবেশবান্ধব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল ২০২২ সালের জানুয়ারিতে। অথচ চার বছর ৮ মাস অতিক্রমের পর এখন স্বাস্থ্য অধিদফতর বলছে, স্থানগত জটিলতা বা জায়গার অভাবে নির্ধারিত তিনটি হাসপাতালে বর্জ্য পরিশোধনাগার (প্লান্ট) স্থাপন করা সম্ভব নয়। শুধু তা-ই নয়, জায়গা না থাকায় হাসপাতাল পরিবর্তনের পাশাপাশি প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পের ব্যয় বাড়ছে আরও ৪০ কোটি ৭৬ লাখ টাকা।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের স্বাস্থ্য অনুবিভাগ কর্তৃক প্রস্তুতকৃত প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভার কার্যপত্র সূত্রে এসব নথি এসেছে টাইমস টুডের হাতে।
জায়গা না থাকায় বাদ পড়ল তিন হাসপাতাল
নথি বিশ্লেষণে দেখা গেছে, প্রকল্পের অনুমোদিত ডিপিপিতে থাকা তিনটি হাসপাতালে স্থানগত সমস্যার কারণে মেডিকেল বর্জ্য পরিশোধন প্লান্ট স্থাপন করা যাচ্ছে না। এগুলো হলো-রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল।
প্রকল্প শুরুর সাড়ে চার বছর পর এসে এই তিনটি প্রতিষ্ঠান বাদ দিয়ে বিকল্প হিসেবে যথাক্রমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুরের ‘সি’ ক্যাটাগরির পরিবর্তে বগুড়ায় ‘এ’ ক্যাটাগরির বড় পরিসরের বর্জ্য পরিশোধন প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া স্থানগত জটিলতার কারণে ঢাকার শেরেবাংলা নগরস্থ হাসপাতালসমূহ এবং বান্দরবান জেলা সদর হাসপাতালের অবকাঠামোর নকশাও পরিবর্তন করতে হচ্ছে।
দফায় দফায় বাড়ছে মেয়াদ ও ব্যয়
‘১৫টি সরকারি হাসপাতালে হাসপাতাল-ভিত্তিক চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পটি ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি একনেকে অনুমোদিত হয়। মূল প্রকল্পের মেয়াদ ছিল ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এবং ব্যয় ধরা হয়েছিল ২১৪ কোটি ৪৭ লাখ টাকা। পরবর্তীতে দর তফসিল ও ডলারের বিনিময় হার পরিবর্তনের যুক্তিতে প্রথম সংশোধনীতে মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত এবং ব্যয় বাড়িয়ে ২৬৩ কোটি ৮৬ লাখ টাকা করা হয়। এরপর ব্যয় বৃদ্ধি ছাড়াই মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত নেওয়া হয়।
সর্বশেষ দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ৩০ জুন ২০২৮ পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার (১ ডলার= ১২২.৭৫ টাকা), মূল্যস্ফীতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ব্যয় আরও ৪০ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা (১৫.৪৫ শতাংশ) বাড়িয়ে মোট প্রাক্কলিত ব্যয় ৩০৪ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। পুরো অর্থই সরকারি তহবিল (জিওবি) থেকে জোগান দেওয়া হবে।
পৌনে পাঁচ বছরে আর্থিক অগ্রগতি মোটে ১০.৬৯ শতাংশ
প্রকল্পের মেয়াদ ইতোমধ্যে ৪ বছর ৮ মাস (জানুয়ারি ২০২২ থেকে আগস্ট ২০২৬) অতিবাহিত হলেও দেখা গেছে আর্থিক অগ্রগতি অত্যন্ত হতাশাজনক। চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি মাত্র ২৮ কোটি ২১ লাখ টাকা (১০.৬৯ শতাংশ) যদিও ভৌত বা বাস্তব অগ্রগতি ৬০ শতাংশ বলে দাবি করা হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর জানিয়েছে, সংশোধিত ডিপিপি অনুমোদনের পর নতুন স্থানগুলোতে ভৌত অবকাঠামো নির্মাণ শেষ করতে আরও ১২ থেকে ১৫ মাস সময় লাগবে।
পরিকল্পনা কমিশনের প্রশ্ন ও আপত্তি
প্রকল্পের এই দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে পিইসি সভার কার্যপত্রে একাধিক প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, পৌনে পাঁচ বছরে মাত্র ১০ দশমিক ৬৯ শতাংশ আর্থিক অগ্রগতি নিয়ে বর্ধিত মেয়াদে অর্থাৎ ২০২৮ সালের জুনের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করা আদৌ সম্ভব কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এ ছাড়া যন্ত্রপাতি ও সরঞ্জামাদির সংখ্যা (৪৫টি) অপরিবর্তিত থাকা সত্ত্বেও এই খাতে ব্যয় ৪০ কোটি ৯৩ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে যা কমিশনের কাছে অত্যাধিক বলে প্রতীয়মান হয়েছে। পাশাপাশি সংশোধিত প্রস্তাবে প্রশিক্ষণার্থীর সংখ্যা ১ হাজার জন থেকে কমিয়ে অর্ধেক বা ৫০০ জন করা হলেও এই খাতে ব্যয় উল্টো বৃদ্ধি পেয়েছে যার সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর বাইরে ঢাকার শেরেবাংলা নগরস্থ হাসপাতালগুলোর কেন্দ্রীয় বর্জ্য প্রক্রিয়াজাতকরণের পূর্বে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার অগ্রগতি এবং প্রকল্প শেষে এটি কীভাবে পরিচালিত হবে তার কোনো সুস্পষ্ট ‘এক্সিট প্ল্যান’ ডিপিপিতে সংযুক্ত না থাকার বিষয়েও সভায় পর্যালোচনার কথা বলা হয়েছে।
প্রকল্প সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদফতরের অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রধান ৪টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার শেরেবাংলা নগর ও কুর্মিটোলা এবং ৯টি জেলা সদর হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপনের কথা রয়েছে। এসব কেন্দ্রে ১২টি অটোক্লেভ, ১৫টি ইনসিনারেটর, ১৫টি ইটিপি ও ৩টি মাইক্রোওয়েভ প্রযুক্তি স্থাপনের মাধ্যমে প্রতিদিন ক্যাটাগরি ভেদে সাড়ে ৩ টন থেকে ১২ টন পর্যন্ত চিকিৎসা বর্জ্য স্বাস্থ্যসম্মত উপায়ে পরিশোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন-সচিব (পরিকল্পনা অধিশাখা-২) মো. রফিকুল ইসলাম সেলিম টাইমস টুডেকে বলেন, বর্জ্য পরিশোধন প্লান্ট প্রকল্পগুলোর প্রাথমিক পরিকল্পনা কিংবা নকশা কোনো ভুল ছিল না বরং তা যথাযথ ও সঠিক ছিল। তবে মাঠপর্যায়ের বাস্তব জটিলতা, স্থানীয় জনস্বার্থ এবং অনিবার্য পরিস্থিতির কারণেই পরিকল্পনা বা স্থান পরিবর্তন করতে হয়েছে। যেমন-রংপুরের নির্ধারিত জায়গায় স্থানীয় লোকজন কোনোভাবেই প্লান্ট করতে দিতে রাজি নন এবং জেলা প্রশাসন, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জাতীয় স্বার্থের বিষয়টি বুঝিয়ে ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়েই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, মিডফোর্ড হাসপাতালের ক্ষেত্রে ঢাকা শহরের ভেতরে জায়গার তীব্র সংকট থাকায় এবং ভবিষ্যতে এই জরাজীর্ণ ও পুরনো হাসপাতালটিকে ভেঙে বড় পরিসরে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার সুদূরপ্রসারি পরিকল্পনা থাকায়, প্লান্টের জন্য জায়গা স্থায়ীভাবে অবরুদ্ধ করা হলে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হতো। এসব যৌক্তিক ও কাঠামোগত বাস্তবতার কারণেই মূলত প্রতিটি প্লান্টের পেছনে সুনির্দিষ্ট যুক্তি ও মন্ত্রণালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারকদের পর্যালোচনার ভিত্তিতে স্থানান্তরের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

