দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হাজার হাজার মামলা আদালতে চলমান রয়েছে। আদালতে এসব মামলা যুগের পর যুগ ঝুলে থাকলেও সুরাহা হয় না। আদায় হয় না কোনো বকেয়া অর্থ বরং বাড়ে নতুন নতুন মামলা। সরকার ও উচ্চ আদালতের ইতিবাচক ভূমিকার কারণে সরকারি ও বেসরকারি পাঁচটি ব্যাংক বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে এনবিআরের সাথে মামলা সংক্রান্ত দীর্ঘ জটিলতা নিরসনের আগ্রহ প্রকাশ করেছে।
তথ্যমতে, সরকারি চারটি ব্যাংক ও বেসরকারি একটি ব্যাংক এডিআরের সুবিধা গ্রহণ করে এনবিআরের সাথে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। ফলে আদায় হতে পারে সরকারের বিপুল পরিমাণ বকেয়া রাজস্ব। সরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক। এই পাঁচটি প্রতিষ্ঠানের ৬১টি মামলার বিপরীতে জড়িত অর্থের পরিমাণ প্রায় ৬ হাজার ৭৮২ কোটি টাকা।
সূত্র জানায়, দেশীয় রাজনৈতিক পটপরিবর্তন ও বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের নাজুক আর্থিক অবস্থা সামাল দিতে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার বকেয়া আদায়ের নীতি গ্রহণ করে। এরই অংশ হিসেবে মামলার জট কমাতে নানান পদ্ধতি গ্রহণ করতে নির্দেশনা দেন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা। এজন্য টাস্কফোর্স, সমন্বয় টিম ও উচ্চ আদালতের সাথে বৈঠকও করার উদ্যোগ গ্রহণ করে। এরই প্রেক্ষিতে সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘ বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।
তথ্যমতে, এনবিআরের পক্ষ থেকে সরকারি চারটি ব্যাংক ও একটি বেসরকারি ব্যাংককে বিরোধ নিষ্পত্তির জন্য ইতিবাচক আলোচনার শুরু হয়। এর প্রেক্ষিতে সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক প্রথম এডিআরের জন্য আগ্রহ প্রকাশ করে। পরে ধারাবাহিকভাবে রুপালী, অগ্রণী ও ইসলামী ব্যাংক আগ্রহ প্রকাশ করে চিঠি দেয় এনবিআরকে। ইতোমধ্যে সোনালী ও জনতা ব্যাংকের সাথে বিকল্প বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দুটি করে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এডিআরের লক্ষ্যে গত ৮ নভেম্বর অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে মহাব্যবস্থাপক ও সিএফও মো. সাঈদ আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি এনবিআরে প্রেরণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকটির দীর্ঘ ১৬ বছরের (২০০২ থেকে ২০১৮ আয়বর্ষ) মামলা এবং মোট ১৫৭২ কোটি টাকার বিশাল রাজস্ব জড়িত রয়েছে। যেহেতু প্রতিটি করবর্ষে আইনি জটিলতা, আপিল রেফারেন্স ও বিতর্কিত ইস্যুসমূহ সম্পূর্ণ ভিন্ন, সেহেতু সবগুলো করবর্ষের বিস্তারিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় প্রমাণাদি একই দিনে বা একটি মাত্র শুনানিতে যথাযথভাবে উপস্থাপন করা অত্যন্ত দুরূহ। এমতাবস্থায় সুষ্ঠু ও নিখুঁত পর্যালোচনার এবং এডিআর প্রক্রিয়ার দ্রুত ও ফলপ্রসু নিষ্পত্তির লক্ষ্যে স্বার্থে প্রতিটি করবর্ষ বা প্রাসঙ্গিক করবর্ষের জন্য আলাদা আলাদা শুনানি এবং বছরভিত্তিক ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে মহাব্যবস্থাপক ও সিএফও মো. সাঈদ আহমেদ টাইমস টুডেকে বলেন, এনবিআরের সঙ্গে আমাদের দীর্ঘদিনের মামলা চলমান রয়েছে, যা এডিআরের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারও যেহেতু ইতিবাচক এবং ব্যাংকও চায় দীর্ঘদিনের এসব মামলার নিষ্পত্তি সুতরাং আইনের মধ্যে থেকে যা করা যায় তাই করা হবে।
চিঠি থেকে জানা গেছে, ২০০২ সাল থেকে ২০১৮ পর্যন্ত অগ্রণী ব্যাংকের সঙ্গে এনবিআরের ১৪টি মামলা চলমান রয়েছে। এতে জড়িত অর্থের পরিমাণ প্রায় ১৫৭২ কোটি টাকা। আয়বর্ষের হিসাব অনুযায়ী ২০০২ সালের ৩৫.৪৪কোটি, ২০০৫ সালের ২২.৪৬ কোটি, ২০০৬ সালের ১৪ লাখ, ২০০৮ সালের ২৫.৩৮ কোটি, ২০০৯ সালের ৬৫.০১ কোটি, ২০১০ সালের ১১৩.৬৫ কোটি, ২০০১ সালের ৩২৮.৭৫ কোটি, ২০১২ সালের ২০৮.৮১ কোটি, ২০১৩ সালের ২৪.৮৮ কোটি, ২০১৪ সালের ২৭১.০৩ কোটি, ২০১৫ সালের ১২৫.৯৩ কোটি, ২০১৬ সালের ৮৩.৫৮ কোটি, ২০১৭ সালের ১৭৪.০৪ কোটি ও ২০১৮ সালের ২৫৯.১২ কোটি টাকা।
অন্যদিকে, সোনালী ব্যাংকের ১৮টি মামলার বিপরীতে ৩৩১৯ কোটি টাকা, জনতা ব্যাংকের ১০টি মামলার বিপরীতে ১৩৩৯ কোটি, রুপালী ব্যাংকের ৫টি মামলার সাথে জড়িত অর্থ ৮৪ কোটি এবং ইসলামী ব্যাংকের ১৪ মামলায় অর্থের পরিমাণ ৪৬৮ কোটি টাকা।
এর আগে বিদায়ী এনবিআর চেয়ারম্যানের দফতর থেকে আধা সরকারি পত্র (ডিও) অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের দফতরে পাঠানো হয়। পত্রে উচ্চ আদালতে ঝুলে থাকা এসব মামলা দ্রুত কার্যতালিকায় আনতে এবং রাজস্ব আদায়ে গতি সঞ্চারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সহযোগিতা কামনা করা হয়। ফলশ্রুতিতে গত ২৩ মে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দিনব্যাপী বৈঠক করেন এনবিআরের দায়িত্বশীল কর্মকর্তারা। সেই সভায় এনবিআরের কর্মকর্তারা আয়কর, মূসক ও শুল্ক সংক্রান্ত মামলার বাছাই করা তালিকা তুলে দেন। তালিকায় ২০০ কোটি টাকা বা তার বেশি রাজস্ব জড়িত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতের সহযোগিতা চাওয়া হয়। সেই সভায় অ্যাটর্নি জেনারেল মামলা সুরাহায় আদালতের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির গুরুত্বারোপ করেন।
এরই ধারাবাহিকতায় এনবিআর এডিআরকে শক্তিশালী করে বকেয়া আদায়ের গতি বাড়াতে উদ্যোগ নেয়। এ প্রেক্ষিতে আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত সমাধানের জন্য আদালতের পরামর্শেই এডিআরের দিকে নতুন করে ঝুঁকতে শুরু করে এনবিআর। এজন্য টাস্কফোর্স, আদালতের সাথে সমন্বয় করতে কমিটি গঠন, এমনকি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার (অ্যাটর্নি জেনারেল) সাথেও বৈঠকে বসে এনবিআর। এজন্য ট্যাক্সেস লিগ্যাল শাখা গত ৭ জুলাই ৫১টি কর অঞ্চলকে প্রতি মাসে গড়ে দুটি কর মামলার এডিআরে নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করে দেয়। এডিআরের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য করদাতাকে আবেদন করতে হয়। কিছু ছাড়ের মাধ্যমে মামলা সমাধানের সুযোগ তৈরি হয়, যা করদাতারা গ্রহণ করেন। আর রাষ্ট্রও তার বকেয়া পাওনা বুঝে পেতে আইনের মধ্যে থেকেই কিছুটা ছাড় দিয়ে সমাধানের আগ্রহ প্রকাশ করে। এজন্য এটি বিশ্বজুড়ে স্বীকৃত পদ্ধতি, বাংলাদেশেও কার্যকর।
জানতে চাইলে এনবিআরের সদস্য (কর লিগ্যাল ও এনফোর্সমেন্ট) (চলতি দায়িত্ব) মনোয়ার আহমেদ টাইমস টুডেকে বলেন, বকেয়া আদায়ে সরকারের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

