...|...|...

বিশ্ব

বোনের কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি নিয়ে ঘুরছেন ভাই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৯
Shares
বোনের কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি নিয়ে ঘুরছেন ভাই

ছবি: সংগৃহীত

বোনকে দেওয়া একটি কথা রাখতে গিয়ে টানা ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা জয়দেব বিশ্বাস।

রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী জয়দেবের এই অদ্ভুত প্রতিজ্ঞার শুরু ১৯৯৬ সালের ভাইফোঁটার দিন।

সেদিন বোন অগ্নিবীণা দেবীর হাতের তৈরি জলপাইয়ের চাটনি খেতে খেতে মজার ছলে তিনি জিজ্ঞেস করেছিলেন, জলপাইয়ের আঁটিটি জয়দেব কত দিন মুখে রাখতে পারবেন। জবাবে জয়দেব বলেছিলেন, বোন না বলা পর্যন্ত তিনি আঁটিটি মুখ থেকে ফেলবেন না।

সেই প্রতিশ্রুতি আজও রেখেছেন তিনি।

খাওয়া-দাওয়া, দাঁত মাজা, কথা বলা এমনকি ঘুমানোর সময়ও জলপাইয়ের আঁটিটি তার মুখের ভেতরেই থাকে। প্রথম দিকে আঁটির কারণে জিভে ঘা হয়ে রক্তপাতও হয়েছিল। তারপরও বোনকে দেওয়া কথা থেকে সরে আসেননি জয়দেব।

তবে ২০১২ সালে বোন অগ্নিবীণা দেবীর মৃত্যু হয়। বোন আর তাকে আঁটিটি ফেলে দিতে বলার সুযোগ পাননি। এরপর বোনের স্মৃতি ধরে রাখতেই আজীবন এই প্রতিজ্ঞা বজায় রাখার সিদ্ধান্ত নেন জয়দেব।

তিন দশক ধরে মুখে একই জলপাইয়ের আঁটি রেখে চলার এই ঘটনা এখন স্থানীয় বাসিন্দাদের কাছেও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। জয়দেবের কাছে এটি শুধু অদ্ভুত এক অভ্যাস নয়, বরং প্রয়াত বোনকে দেওয়া একটি কথা এবং তার স্মৃতির সাথে জড়িয়ে থাকা আবেগের অংশ।