...|...|...

খেলা

বেস ক্যাম্পের সামনে লাশ, ইরান ফুটবল দলে আতঙ্ক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, রাত ৩:৩৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২২
Shares
বেস ক্যাম্পের সামনে লাশ, ইরান ফুটবল দলে আতঙ্ক

যে গাড়িতে লাশ পাওয়া গেছে, ফরেনসিক কর্মকর্তারা সেই গাড়িটি পরীক্ষা করেন। ছবি: সংগৃহীত

মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায় কড়া নিরাপত্তায় চলছে ইরান জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ প্রস্তুতি। তবে ফুটবলারদের ঠিক চোখের সামনেই ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। দলের বেস ক্যাম্প ও অনুশীলন ভেন্যুর ঠিক বিপরীতে একটি পরিত্যক্ত গাড়ির ট্রাঙ্ক থেকে এক ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার করেছে মেক্সিকান পুলিশ। এই ঘটনায় চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

বর্তমানে মেক্সিকোর ম্যারিয়ট হোটেলে অবস্থান করছে ইরান দল। হোটেলের কাছেই অবস্থিত কালিয়েন্তে স্টেডিয়ামে প্রতিদিন প্র্যাকটিস সারছেন ফুটবলাররা। গত ১০ জুন থেকে সেই স্টেডিয়ামের ঠিক উল্টো দিকের একটি সুপারমার্কেটের পার্কিং লটে ক্যালিফোর্নিয়ার নম্বরপ্লেটযুক্ত একটি ধূসর রঙের টয়োটা এসইউভি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

সম্প্রতি তিহুয়ানার তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় তীব্র গরমে গাড়িটি থেকে দ্রুত দুর্গন্ধ ছড়াতে শুরু করে। ১২ জুন স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে গাড়িটির ট্রাঙ্ক খুলে কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মরদেহটি উদ্ধার করে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এবং ইয়াহু নিউজের তথ্যমতে, উদ্ধারকৃত মরদেহে স্পষ্ট আঘাত ও সহিংসতার চিহ্ন রয়েছে।

তিহুয়ানা প্রসিকিউটর দপ্তরের মুখপাত্র জানান, মরদেহটি অন্তত ১০ জুন থেকে সেখানে ছিল এবং এটি একটি হত্যাকাণ্ড। অপরাধ তদন্ত বিশেষজ্ঞরা গাড়িটি পরীক্ষা করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য সরিয়ে নেন। অত্যন্ত স্পর্শকাতর এই ঘটনার ঠিক কয়েক মিনিট পরেই কড়া পাহারায় স্টেডিয়াম ত্যাগ করে ইরান দল।

যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ও প্রস্তুতি নিয়ে আগেই অনিশ্চয়তা ছিল। শুরুতে তাদের অ্যারিজোনায় ক্যাম্প করার কথা থাকলেও ওয়াশিংটন ও তেহরানের বৈরিতার কারণে শেষ মুহূর্তে মেক্সিকোর এই ঝুঁকিপূর্ণ সীমান্ত শহরে বেস ক্যাম্প স্থানান্তর করতে বাধ্য হয় তারা।

মেক্সিকো দীর্ঘদিন ধরেই শক্তিশালী মাদক চক্রের (কার্টেল) সহিংসতায় জর্জরিত। বিশেষ করে তিহুয়ানা শহরে গত বছরই ১ হাজার ২০০টির বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মেক্সিকোতে পৌঁছানোর পর থেকে সশস্ত্র সেনা পাহারায় ইরান দলকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেওয়া হলেও, ক্যাম্পের এত কাছে এমন সহিংস হত্যাকাণ্ড ফুটবলারদের মানসিক সুরক্ষা ও মেক্সিকোর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বড় ধরনের প্রশ্নবিদ্ধ করল। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।