...|...|...

ক্যাম্পাস

বেরোবিতে আবু সাঈদকে ঘিরে নেই দৃশ্যমান কোনো আয়োজন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, সকাল ১০:৪৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪১
Shares
বেরোবিতে আবু সাঈদকে ঘিরে নেই দৃশ্যমান কোনো আয়োজন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো আয়োজন নেই বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।  

শিক্ষার্থীদের অভিযোগ, ১৬ জুলাইকে কেন্দ্র করে কিছু কর্মসূচি পালন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এমনকি বছরের বাকি সময়ে আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ বা তাকে স্মরণে দৃশ্যমান কোনো উদ্যোগও দেখা যায় না। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘শহীদ আবু সাঈদ’ লেখা একটি সাইনবোর্ড ছাড়া তার স্মৃতি বহনকারী উল্লেখযোগ্য কোনো স্থাপনা নেই। নেই কোনো গ্রাফিতি বা স্থায়ী স্মৃতিচিহ্ন। একটি প্রতিকৃতি থাকলেও সেটি বিকৃত অবস্থায় রয়েছে।

এ ছাড়া ‘মেমোরি স্ট্রিট’ নির্মাণ করা হলেও সেখানে থাকা নাম ও পরিচিতি ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে।

চব্বিশের জুলাই আন্দোলনে আবু সাঈদের মৃত্যুর পরই ছাত্র-জনতার আন্দোলন নতুন মোড় নেয়। ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ ঘটনার সাথে জড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়েই তার স্মৃতি সংরক্ষণে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়করা।

সমন্বয়কদের দাবি, এই অবহেলার দায় শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়; অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারেরও রয়েছে। তাদের মতে, ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আবু সাঈদের স্মৃতিকে যথাযথভাবে সংরক্ষণ করা উচিত।

তবে স্থাপনা নির্মাণে বিলম্বের বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শওকাত আলী। তিনি জানান, এটি তার ওপর একটি বড় দায়িত্ব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চিঠির মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল আবু সাঈদের নামে নামকরণের পরিকল্পনাও রয়েছে।