জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষার্থীদের অনুপস্থিতি নিয়ে সমালোচনার মুখে পড়েছে বরিশালের মেহেন্দিগঞ্জের সরকারি পাতারহাট আর.সি. কলেজ। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বুধবার (৫ আগস্ট) কলেজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেখা যায়, মঞ্চে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক উপস্থিত থাকলেও দর্শক সারির সব আসন ছিল ফাঁকা। সেখানে মাত্র দুজন কর্মচারীকে বসে থাকতে দেখা যায়। শিক্ষকদের বক্তব্য চললেও উপস্থিত ছিলেন না কোনো শিক্ষার্থী।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জাতীয় গুরুত্বপূর্ণ একটি দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং আয়োজনের ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
আর.সি. কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ সিং বলেন, উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে প্রশাসনিক উদাসীনতার কারণে তার সুনাম হারাচ্ছে। জাতীয় দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতি সেই বাস্তবতারই প্রতিফলন।
একই অভিযোগ করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন। তিনি বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকদেরও উল্লেখযোগ্য অংশ অনুষ্ঠানে ছিলেন না। প্রশাসনের অবহেলার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজ কর্তৃপক্ষ। শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, বর্তমানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ের পরীক্ষা চলায় নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে। কর্মসূচির বিষয়ে অনলাইনে প্রচার করা হয়েছিল। এছাড়া বৈরী আবহাওয়ার কারণেও উপস্থিতি কম হতে পারে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াশ শাহও বলেন, অনুষ্ঠানের বিষয়ে আগেই প্রচার করা হয়েছিল। অধিকাংশ শিক্ষক উপস্থিত ছিলেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম ছিল। ভিডিওটি এমন সময়ে ধারণ করা হয়ে থাকতে পারে, যখন উপস্থিতি কম ছিল বলে তিনি মন্তব্য করেন।


