জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও সড়ক উন্নয়নকাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেটের জৈন্তাপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্রের আওতাধীন জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, মূলত সড়ক উন্নয়নকাজের সুবিধার্থেই এসব ফিডারে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিউবো কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় উন্নয়ন ও মেরামতকাজ শেষ হওয়ার পরপরই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

