...|...|...

ক্যাম্পাস

বুয়েটে দিনে ৫ ঘণ্টা লোডশেডিংয়ের সূচি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ভোর রাত ৫:৫৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫১
Shares
বুয়েটে দিনে ৫ ঘণ্টা লোডশেডিংয়ের সূচি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিংয়ের সূচি নির্ধারণ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। এর মধ্যে দিনের বেলাতেই তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। গ্যাসের চাপ কম থাকায় এ সময় ক্যাম্পাসের নিজস্ব জেনারেটর চালিয়েও পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২৩ আগস্ট) বুয়েটের এক দাপ্তরিক চিঠিতে লোডশেডিংয়ের এ সূচি জানানো হয়। সূচি অনুযায়ী, সকাল ৬টা থেকে ৭টা, সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ২টা থেকে ৩টা, রাত ১২টা থেকে ১টা এবং রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত-পাঁচ দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

চিঠিতে বলা হয়েছে, দিনের বেলায় গ্যাসের চাপ অত্যন্ত কম থাকায় নির্ধারিত সময়ে জেনারেটরের মাধ্যমেও পুরো ক্যাম্পাসের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে নির্ধারিত সময়গুলোতে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

এদিকে, এলএনজি সরবরাহ কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে বিদ্যুৎ ঘাটতি কমার তেমন লক্ষণ নেই। চাহিদা ও সরবরাহের ব্যবধান বড় থাকায় ঢাকার বিভিন্ন এলাকায় পালাক্রমে লোডশেডিং অব্যাহত রয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৭ হাজার ৫০০ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ ছিল ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। অর্থাৎ, এ সময়ে বিদ্যুতের ঘাটতি ছিল ১ হাজার ৬৬৪ মেগাওয়াট।

এ ঘাটতির পেছনে ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়াও একটি কারণ বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ প্রায় ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট কমেছে, ফলে জাতীয় গ্রিডে ঘাটতি আরও বেড়েছে। এলএনজি সরবরাহ কিছুটা বাড়লেও সেই ঘাটতি পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি।

এর সরাসরি প্রভাব পড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গ্রাহকদের ওপর। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কয়েক ঘণ্টা পরপর বিভিন্ন এলাকায় পালাক্রমে লোডশেডিং করতে হচ্ছে।