বিয়ের মাত্র ১৭ দিন পার হতে না হতেই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে নিজ ঘরে রহস্যজনকভাবে মারা গেছেন হায়দরাবাদের এক যুবক। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ২৮ বছর বয়সী মোহাম্মদ জাবের হুসেইন ঘুমন্ত অবস্থায় মারা গেছেন বলে তার রুমমেট পরিবারকে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাবের হুসেইন গত ২৮ আগস্ট টেক্সাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং এরপর ম্যাসাচুসেটসে নিজের কর্মস্থলে ফিরে যান। তবে তার স্ত্রী তার সাথে ফিরেছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। গত ১৪ সেপ্টেম্বর পরিবারের সাথে জাবেরের সর্বশেষ কথা হয়েছিল। এর প্রায় আট ঘণ্টা পর তার রুমমেট ফোন করে পরিবারকে জানান যে জাবের ঘুমের মধ্যেই মারা গেছেন। ঘটনার পর তাকে তাৎক্ষণিক কোনো চিকিৎসা দেওয়া হয়েছিল কি না, তাও এখনও পরিষ্কার নয়। মৃত্যুর আসল কারণ জানতে পরিবার এখন ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের পক্ষে যুক্তরাষ্ট্র থেকে জাবেরের লাশ হায়দরাবাদে ফিরিয়ে আনা অত্যন্ত দুরূহ হওয়ায় তার পরিবার ভারতের সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। মজলিস বাঁচাও তেহরিক-এর মুখপাত্র আমজাদ উল্লাহ খান জাবেরের বাবার লেখা একটি চিঠি সামাজিক মাধ্যম এক্স-এ পররাষ্ট্রমন্ত্রীর কাছে শেয়ার করেছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে অনুরোধ জানিয়েছেন যেন মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জাবেরের লাশ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট ভারতীয় মিশনকে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, হায়দরাবাদের এই যুবক ২০২১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। তিনি কানেকটিকাটের ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। লিংকডইন প্রফাইল অনুযায়ী, ২০২৩ সালে ডিগ্রি শেষ করার পর তিনি ‘এস্টিমেটর’ নামক একটি প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি ‘গ্রিন ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েটস ইনকরপোরেটেড’ নামের একটি কোম্পানিতে তিন বছরের বেশি সময় কাজ করেন। এরপর চলতি বছরের জুন মাসে চাকরি পরিবর্তন করে ম্যাসাচুসেটসের ‘লকনার’ নামের একটি ফার্মে যোগ দিয়েছিলেন তিনি।


