ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সোমবার (৯ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম আধা শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৬৭ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি অব্যাহত থাকলে দেশটিতে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা খুবই কম।
ট্রাম্পের এমন মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও।
তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে কিংবা এর আশপাশে জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত থাকায় তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এর মধ্যেই নতুন মার্কিন হামলার সম্ভাবনা কমার ইঙ্গিতে বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে।


