ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। এই দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবহারকারীর পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে সাইবার হামলাকারীরা।
বিদ্যমান সাইবার হামলার ঝুঁকি এড়াতে ইতোমধ্যেই বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে।
‘পিএইচপি২শেল’ (PHP2Shell) নামে পরিচিত এই নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাংলাদেশেও বিশেষ সতর্কতা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা বিজিডি ই-গভ সার্ট।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে এই সতর্কতার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সিভিই-২০২৬-১০৯৬১৮ ও সিভিই-২০২৬-১০৯৬১৯ নম্বরের দুটি নির্দিষ্ট নিরাপত্তা ত্রুটির উল্লেখ করা হয়েছে। বিজিডি ই-গভ সার্ট জানায়, এই ত্রুটি কাজে লাগিয়ে সাইবার আক্রমণকারীরা ঝুঁকিপূর্ণ সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া, স্পর্শকাতর তথ্য চুরি কিংবা ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি ব্যাহত করতে পারে।
বিশেষ করে পিএইচপি-এফপিএম, মড-পিএইচপি ব্যবহারকারী অ্যাপাচি, পিএইচপি-সিজিআই, ফ্রাঙ্কেনপিএইচপি ও লাইটস্পিডভিত্তিক সার্ভারগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এ ছাড়া কনটেইনার, শেয়ারড হোস্টিং ও পিএইচপিনির্ভর বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন দ্রুত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
সার্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে নিজেদের সার্ভারে পিএইচপির ব্যবহার পরীক্ষা করে ত্রুটিযুক্ত সংস্করণগুলো হালনাগাদ ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে।

