বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদের প্রধান ভরসা হলো গুগল প্লে স্টোর। তবে এই প্ল্যাটফর্মেই ফাঁদ পেতে বসেছে একদল অসাধু চক্র। জনপ্রিয় সব অ্যাপের নাম, লোগো ও ছবি হুবহু অনুকরণ করে প্লে স্টোরে ছড়িয়ে দেওয়া হচ্ছে ক্ষতিকর ও প্রতারণামূলক অ্যাপ। উদাহরণস্বরূপ, ইন্টারনেট ব্রাউজিংয়ের জনপ্রিয় মাধ্যম গুগল ক্রোমের মতো দেখতে একটি নকল অ্যাপ তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। অ্যাপটির বাহ্যিক রূপ আসলের মতো হওয়ায় সাধারণ ব্যবহারকারীরা প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়ার আগেই এটি লক্ষাধিকবার ডাউনলোড করেন। তাই ডিভাইসের সার্বিক নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্লে স্টোরে ভুয়া অ্যাপ শনাক্ত করার সহজ কৌশল জানা এখন সময়ের দাবি।
সম্প্রতি রেড্ডিটে এক ব্যবহারকারী দুটি প্রায় একই রকম ক্রোম অ্যাপের স্ক্রিনশট প্রকাশ করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, ভুয়া অ্যাপটির ডেভেলপার বা প্রকাশকের নাম দেওয়া ছিল ‘Hizbartech’। অথচ আসল ক্রোম অ্যাপের প্রকৃত প্রকাশক হলো ‘Google LLC’। মূলত ডেভেলপার বা প্রকাশকের এই নামের অমিল থেকেই ভুয়া অ্যাপটির প্রতারণা ধরা পড়ে।
এছাড়া জানা গেছে, অ্যাপটি শুরু থেকেই ক্রোম নামে ছিল না। ২০২৬ সালের আগস্ট মাসে ‘বল বাউন্স’ নামের একটি সাধারণ মোবাইল গেম হিসেবে এটি প্লে স্টোরে ছাড়া হয়। পরবর্তীতে সেপ্টেম্বরের শেষ দিকে ডেভেলপাররা অ্যাপটির নাম, লোগো এবং বিবরণ বদলে এটিকে জনপ্রিয় ব্রাউজার ক্রোমের রূপ দেয়।
আসল অ্যাপ চেনার ৫টি সহজ উপায়
শুধু পরিচিত লোগো বা নাম দেখে কোনো অ্যাপ ডাউনলোড করা এখন আর নিরাপদ নয়। ঝুঁকি এড়াতে নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন:
১. প্রকাশকের নাম যাচাই করুন
অ্যাপ ইনস্টল করার আগে প্লে স্টোরে ডেভেলপার বা প্রকাশকের নাম ভালোভাবে দেখে নিন। যেমন-গুগল ক্রোমের আসল প্রকাশক ‘Google LLC’। নামের বানান বা বর্ণে সামান্য হেরফের দেখলে সতর্ক হোন।
২. অ্যাপের বিবরণ ও তথ্য মিলিয়ে নিন
অ্যাপের বিস্তারিত বিবরণ, স্ক্রিনশট, আপডেটের ইতিহাস এবং অন্যান্য ব্যবহারকারীদের রিভিউ বা রেটিং চেক করুন। অ্যাপের কাজের সাথে বিবরণের মিল না থাকলে সেটি এড়িয়ে চলাই ভালো।
৩. শুধু ডাউনলোড সংখ্যা দেখে বিভ্রান্ত হবেন না
অনেক ডাউনলোড বা ভালো রেটিং থাকলেই কোনো অ্যাপ শতভাগ নিরাপদ বা আসল প্রমাণিত হয় না। প্রতারকেরা ভুয়া অ্যাপের ক্ষেত্রেও কৃত্রিমভাবে ডাউনলোড সংখ্যা বাড়িয়ে নিতে পারে।
৪. বিজ্ঞাপনের ওপর অন্ধ নির্ভরতা নয়
সার্চ রেজাল্টে অনেক সময় স্পনসরড বা বিজ্ঞাপন হিসেবে ভুয়া অ্যাপ সামনে চলে আসে। তাই বিজ্ঞাপনে প্রদর্শিত অবস্থাকে বিশ্বাস না করে সবসময় প্রকাশকের অফিশিয়াল পরিচয় নিশ্চিত করুন।
৫. বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ নিন
অ্যাপ ডাউনলোড বা আপডেট করার জন্য সবসময় গুগল প্লে স্টোরের অফিসিয়াল লিংক ব্যবহার করুন। যেকোনো অপরিচিত বা থার্ড-পার্টি ওয়েবসাইট থেকে এপিকে (APK) ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
ভুলবশত ভুয়া অ্যাপ ইনস্টল করে ফেললে করণীয়
আপনার ডিভাইসে যদি এমন কোনো সন্দেহজনক বা ভুয়া অ্যাপ ইনস্টল হয়ে থাকে, তবে তাৎক্ষণিকভাবে নিচের পদক্ষেপগুলো নিন:
- অ্যাপটি দ্রুত আপনার ফোন থেকে আনইনস্টল বা ডিলিট করুন।
- গুগল প্লে স্টোরের ‘প্লে প্রোটেক্ট’ (Play Protect) ফিচার চালু করে পুরো ডিভাইসে ক্ষতিকর ম্যালওয়ারের জন্য স্ক্যান চালান।
- ভুয়া অ্যাপটিকে যদি কোনো বিশেষ পারমিশন বা অনুমতি দিয়ে থাকেন, তা চেক করুন।
অ্যাপটিতে যদি কোনো পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য ব্যক্তিগত তথ্য দিয়ে থাকেন, তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন। একই পাসওয়ার্ড অন্য কোথাও ব্যবহার করা হয়ে থাকলেও তা বদলে ফেলুন এবং সুরক্ষার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন (2FA) বা দুই ধাপের যাচাইকরণ চালু করুন।
স্মার্টফোনের সুরক্ষায় যেকোনো অ্যাপ নামানোর আগে একটু সময় নিয়ে তার প্রকাশকের নাম ও সত্যতা যাচাই করা এখন অত্যন্ত জরুরি একটি অভ্যাসে পরিণত হয়েছে।


