সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জমা থাকে মানুষের ব্যক্তিগত ছবি, ভিডিও, স্মৃতি ও জীবনের নানা মুহূর্ত। কিন্তু অ্যাকাউন্টের মালিক মারা গেলে এসব স্মৃতির কী হয়? ফেসবুক কি নিজে থেকেই অ্যাকাউন্ট মুছে দেয়, নাকি সেটি থেকে যায়?
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিয়ম অনুযায়ী, মৃত্যুর পর অ্যাকাউন্টের ক্ষেত্রে মূলত দুটি বিকল্প রয়েছে প্রোফাইল স্মৃতিমূলক হিসেবে সংরক্ষণ করা অথবা স্থায়ীভাবে মুছে ফেলা। ব্যবহারকারী জীবিত থাকতেই এ বিষয়ে নিজের পছন্দ জানিয়ে রাখতে পারেন।
মৃত্যুর পর প্রোফাইলের কী হয়?
ফেসবুকের হেল্প সেন্টার অনুযায়ী, কোনো ব্যবহারকারীর মৃত্যুর খবর জানার পর তার অ্যাকাউন্ট স্মৃতিমূলক হিসেবে সংরক্ষণ করা হতে পারে। এ ধরনের প্রোফাইলকে বলা হয় ‘মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট’। প্রোফাইলে ব্যক্তির নামের পাশে ‘Remembering’ লেখা দেখা যায়।
মেটার ব্যাখ্যা অনুযায়ী, এ ব্যবস্থার উদ্দেশ্য হলো প্রয়াত ব্যক্তির স্মৃতি সংরক্ষণের সুযোগ দেওয়া এবং তার অ্যাকাউন্টের অননুমোদিত ব্যবহার ঠেকানো। তবে ব্যবহারকারী আগে থেকে মৃত্যুর পর অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলার নির্দেশ দিয়ে রাখলে সেটিও একটি বিকল্প।
স্মৃতিমূলক প্রোফাইলে কী থাকে?
ফেসবুকের নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট স্মৃতিমূলক করা হলে মৃত্যুর আগে প্রকাশ করা ছবি, পোস্ট ও অন্যান্য কনটেন্ট সাধারণত থেকে যায়। সেগুলো আগের প্রাইভেসি সেটিংস অনুযায়ী যারা দেখতে পারতেন, তারাও দেখতে পারেন।
এ ছাড়া-
- প্রোফাইলের গোপনীয়তা সেটিংস অনুযায়ী বন্ধুরা সেখানে স্মৃতিচারণ করতে পারেন।
- প্রোফাইলটি ‘People You May Know’, বিজ্ঞাপন ও জন্মদিনের রিমাইন্ডারের মতো সাধারণ জায়গায় দেখানো হয় না।
- কেউ ওই অ্যাকাউন্টে লগইন করতে পারেন না।
- লিগ্যাসি কন্টাক্ট নির্ধারণ করা না থাকলে স্মৃতিমূলক প্রোফাইলে পরিবর্তন আনার সুযোগ সীমিত থাকে।
কে দেখভাল করবেন স্মৃতিমূলক প্রোফাইল?
ফেসবুকে ‘লিগ্যাসি কন্টাক্ট’ নামে একটি সুবিধা রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী জীবিত থাকতেই একজন ফেসবুক বন্ধুকে মনোনীত করতে পারেন, যিনি মৃত্যুর পর স্মৃতিমূলক প্রোফাইলের নির্দিষ্ট কিছু বিষয় দেখভাল করবেন।
ফেসবুকের হেল্প সেন্টার অনুযায়ী, লিগ্যাসি কন্টাক্ট-
- প্রোফাইলে একটি পোস্ট পিন করতে পারেন।
- প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করতে পারেন।
- নতুন বন্ধুত্বের অনুরোধের উত্তর দিতে পারেন।
- নির্দিষ্ট সুবিধা চালু থাকলে শেয়ার করা তথ্যের একটি কপি ডাউনলোড করতে পারেন।
- প্রয়োজন হলে স্মৃতিমূলক অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
- তবে তিনি মৃত ব্যক্তির অ্যাকাউন্টে লগইন করতে, ব্যক্তিগত বার্তা পড়তে কিংবা আগের পোস্ট সম্পাদনা করতে পারেন না।
মৃত্যুর পর অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলা যায়?
হ্যাঁ। ব্যবহারকারী চাইলে জীবিত থাকতেই মৃত্যুর পর অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলার নির্দেশ দিয়ে রাখতে পারেন। এ ছাড়া মৃত্যুর পর পরিবারের সদস্য বা অনুমোদিত ব্যক্তি ফেসবুকের নির্ধারিত প্রক্রিয়ায় অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলা হলে সেখানে থাকা ছবি, পোস্ট, ভিডিও ও অন্যান্য তথ্য আর পুনরুদ্ধার করা যায় না। তবে অন্যদের পাঠানো কিছু বার্তা তাদের ইনবক্সে থেকে যেতে পারে।
নিজের অ্যাকাউন্টের বিষয়ে আগেই সিদ্ধান্ত নিন
ফেসবুকের অ্যাকাউন্টে ব্যক্তিগত স্মৃতি জমা থাকায় মৃত্যুর পর সেটির কী হবে, তা আগেই ঠিক করে রাখা যেতে পারে। স্মৃতিমূলক প্রোফাইল হিসেবে সংরক্ষণ করতে চাইলে লিগ্যাসি কন্টাক্ট নির্ধারণ করা যায়। আর অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে সেটিও আগে থেকে নির্ধারণের সুযোগ রয়েছে।



