বাংলাদেশে স্টারলিংকের ‘স্যাটেলাইট-টু-মোবাইল’ সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেকের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পুনঃপ্রকাশ করে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’ (স্টারলিংক বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছে!)। পৃথক আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘Starlink Mobile now available in Bangladesh!’
বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের সাথে চুক্তির মাধ্যমে বাংলাদেশে এই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে স্টারলিংক। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে এটিই প্রথম উদ্যোগ।
স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় প্রধান স্টেফানি বেডনারেক জানান, সেলুলার নেটওয়ার্কের আওতার বাইরে থাকা উপকূলীয় বা দুর্গম প্রত্যন্ত এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও ভ্রমণকারীরা এর মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগের সুবিধা পাবেন।
প্রচলিত মোবাইল নেটওয়ার্ক না থাকলেও সামঞ্জস্যপূর্ণ ৪জি স্মার্টফোন ও বাংলালিংক সিম ব্যবহার করে গ্রাহকেরা বিভিন্ন অ্যাপে বার্তা পাঠানো, অবস্থান (লোকেশন) শেয়ারসহ জরুরি যোগাযোগ বজায় রাখতে পারবেন। বিশেষ করে সামুদ্রিক জেলে, প্রাকৃতিক দুর্যোগ বা দীর্ঘসময় বিদ্যুৎ বিভ্রাটের প্রেক্ষাপটে এই প্রযুক্তি বিকল্প সংযোগ হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।

