...|...|...

তথ্যপ্রযুক্তি

কিশোরদের নিরাপত্তা ফিচারে ‘প্লাসিবো পরীক্ষা, টিকটকের বিরুদ্ধে মামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩৩
Shares
কিশোরদের নিরাপত্তা ফিচারে ‘প্লাসিবো পরীক্ষা, টিকটকের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

কিশোর ও শিশুদের নিরাপত্তার জন্য তৈরি ফিচার নিয়ে ‘প্লাসিবো পরীক্ষা’ চালানোর অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের করা মামলায় বলা হয়েছে, ফিচারটি পাওয়ার কথা থাকলেও হাজারো ব্যবহারকারীকে কার্যকর সংস্করণ না দিয়ে পরীক্ষার অংশ করা হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের ‘অ্যালগো রিফ্রেশ’ নামের একটি ফিচার ব্যবহার করতে চাওয়া হাজারো ব্যবহারকারীকে পরীক্ষার অংশ করা হয়েছিল। এই ফিচারের উদ্দেশ্য হলো ব্যবহারকারীর ভিডিও সুপারিশের অ্যালগরিদম নতুন করে সাজানো, যাতে তারা অনাকাঙ্ক্ষিত বা সম্ভাব্য ক্ষতিকর কনটেন্ট থেকে বেরিয়ে আসতে পারেন।

মামলার অভিযোগ অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া কিছু ব্যবহারকারী মনে করেছিলেন তারা ফিচারটি চালু করেছেন। কিন্তু তাদের অ্যাকাউন্টে ফিচারটির কার্যকর সংস্করণ দেওয়া হয়নি।ফলে তাদের ভিডিও ফিডে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। এই পরীক্ষায় কিশোর ও শিশুরাও ছিল বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৩ সালে টিকটক একাধিকবার হাজারো ব্যবহারকারীর ওপর এই পরীক্ষা চালায়। ফিচারটি পাওয়া ব্যবহারকারীদের সাথে যারা ফিচারটি পাননি, তাদের প্ল্যাটফর্মে থাকার সময় এবং বিজ্ঞাপন থেকে আয়ের ওপর প্রভাব তুলনা করা হয়।

টিকটকের ভেতরেও এ ধরনের পরীক্ষা নিয়ে আপত্তি উঠেছিল বলে মামলায় দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল ওয়েল-বিইং বিভাগের এক প্রোডাক্ট ম্যানেজার অভ্যন্তরীণ আলোচনায় প্লাসিবো গ্রুপ ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নিউইয়র্কের মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ‘অ্যালগো রিফ্রেশ’ ফিচারটি কীভাবে কাজ করে সে বিষয়েও ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হয়েছিল। টিকটক অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, মামলায় ফিচারটির কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

টিকটকের এক মুখপাত্র বলেছেন, প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন পণ্য ও ফিচার পরীক্ষা করে থাকে।বাস্তবে সেগুলো কীভাবে কাজ করে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায় কী প্রভাব ফেলে, তা বোঝার জন্য এসব পরীক্ষা করা হয়।
এর আগে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি অঙ্গরাজ্য টিকটকের বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, শিশু-কিশোরদের প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় ধরে রাখতে টিকটক এমন কিছু নকশা ও পদ্ধতি ব্যবহার করেছে, যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে।

নিউইয়র্কের মামলায় আরো কিছু পরীক্ষার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দেওয়ার ফিচার বন্ধ করে দেওয়ার অভিযোগও রয়েছে। টিকটক অবশ্য শিশু ও কিশোরদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে।