জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ফলে মামলাটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে। যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দুই সদস্যের বেঞ্চ যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। মামলার চার আসামিই বর্তমানে পলাতক।
মাহবুব উল আলম হানিফ ছাড়া মামলার অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার ঘটনাসহ মোট তিনটি অভিযোগে হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।
তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, কুষ্টিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আসামিদের বিরুদ্ধে হামলার নির্দেশ দেওয়া এবং সরাসরি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে যুক্তিতর্ক শেষ হওয়ায় এখন ট্রাইব্যুনালের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা। যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে।


