...|...|...

তথ্যপ্রযুক্তি

মহাকাশে গেছেন কোন দেশের কতজন, সংখ্যায় এগিয়ে কোন দেশ?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১১:০০
Shares
মহাকাশে গেছেন কোন দেশের কতজন, সংখ্যায় এগিয়ে কোন দেশ?

ছবি: সংগৃহীত

মহাকাশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেছেন বহু মানুষ। ১৯৫৭ সালে মহাকাশ যুগের সূচনা থেকে এখন পর্যন্ত বিভিন্ন দেশের শত শত মানুষ এই রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেছেন। কেউ গেছেন পেশাদার নভোচারী হিসেবে, আবার কেউ বিপুল অর্থ ব্যয় করে অংশ নিয়েছেন বাণিজ্যিক মহাকাশ ভ্রমণে। সাম্প্রতিক আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৫২টি দেশের ৭৪৬ জন মানুষ মহাকাশে ভ্রমণ করেছেন। কোন দেশের কতজন এই তালিকায় রয়েছেন, চলুন জেনে নেওয়া যাক।

বিশ্বের প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন নভোচারী ইউরি গ্যাগারিন।তিনি ১৯৬১ সালের ১২ এপ্রিল ‘ভস্তক-১’ (Vostok 1) নামক মহাকাশযানে চড়ে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন।
প্রথম নারী মহাকাশচারী: সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্টিনা তেরেশকোভা (১৯৬৩ সালে ‘ভস্তক-৬’ মহাকাশযানে)।
চাঁদে পা রাখা প্রথম মানুষ: যুক্তরাষ্ট্রের নিল আর্মস্ট্রং (১৯৬৯ সালের ২০ জুলাই ‘অ্যাপোলো ১১’ অভিযানের অংশ হিসেবে)।
মহাকাশের প্রথম পর্যটক: মার্কিন ব্যবসায়ী ডেনিস টিটো (২০০১ সালে)।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উঁচুতে অবস্থিত কার্মান লাইনকে সীমান্ত ধরে মহাকাশে ভ্রমণ করা ব্যক্তিদের সংখ্যা গণনা করা হয়েছে। মহাকাশে ভ্রমণ করা ব্যক্তিদের মধ্যে ৩৬৯ জনই যুক্তরাষ্ট্রের। রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের ১৩৮ জন এবং চীনের ২৯ জন। মহাকাশ ভ্রমণের ইতিহাসে নারীদের অংশগ্রহণ এখনো পুরুষদের তুলনায় বেশ কম। এখন পর্যন্ত মহাকাশে ভ্রমণ করেছেন ১১২ জন নারী, যা মোট সংখ্যার মাত্র ১৫ শতাংশ।

১৯৬৩ সালের জুন মাসে সোভিয়েত নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা প্রথম নারী হিসেবে মহাকাশ ভ্রমণ করেছিলেন। এর প্রায় ২০ বছর পর মার্কিন নভোচারী স্যালি রাইড ১৯৮৩ সালে মহাকাশে পা রাখেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিক মহাকাশ পর্যটনের কারণে নারী যাত্রীদের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। ২০২০ সালের পর থেকে যত নারী মহাকাশে ভ্রমণ করেছেন, তাদের অর্ধেকের বেশি মানুষ ব্লু অরিজিনের সাব–অরবিটাল রকেটে বাণিজ্যিক যাত্রী বা অতিথি হিসেবে অংশ নেন।

মহাকাশযাত্রীদের বয়সের পরিসংখ্যানে দেখা গেছে, বেশির ভাগ ব্যক্তিরই প্রথম মহাকাশ অভিযানের সময় বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। এই বয়সের ব্যক্তিরাই মোট যাত্রীদের ৮৫ শতাংশ জুড়ে রয়েছেন। বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ফলে এই বয়সের পরিসর আরও প্রসারিত হয়েছে। ২০২১ সালে মাত্র ১৮ বছর বয়সে মহাকাশ ভ্রমণ করে সর্বকনিষ্ঠ যাত্রীর রেকর্ড গড়েন অলিভার ডেমেন। অন্যদিকে ২০২৪ সালে ৯০ বছর ৮ মাস বয়সে মহাকাশে গিয়ে সবচেয়ে প্রবীণ নভোচারীর খেতাব অর্জন করেন এড ডোয়াইট।

মহাকাশ অনুসন্ধানের ভবিষ্যৎ পরিকল্পনাও বেশ দ্রুত এগিয়ে চলেছে। মহাকাশ প্রযুক্তির দ্রুত রূপান্তর ও বাণিজ্যিক প্রসারের মাধ্যমে মানুষের মহাশূন্যে যাওয়ার সুযোগ আগামী দিনে আরও অনেক বেড়ে যাবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।