...|...|...

খেলা

বিশ্বকাপে বাংলাদেশের একটি ম্যাচের টিকিটের জন্য ৯ লাখ আবেদন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ৮:২৫ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬, রাত ৮:২৭
Shares
বিশ্বকাপে বাংলাদেশের একটি ম্যাচের টিকিটের জন্য ৯ লাখ আবেদন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার বড় প্রমাণ মিলল টিকিটের আবেদনে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বৈরথ দেখতে টিকিট চেয়ে আবেদন করেছেন প্রায় ৯ লাখ সমর্থক। বিশ্বকাপ শুরুর প্রায় এক বছর আগেই এমন অভূতপূর্ব সাড়ায় রীতিমতো চমকে গেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত মাসে শুরু হওয়া ২০২৭ বিশ্বকাপের টিকিট নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। বিশ্ব ফুটবলের পর ক্রিকেটেও টিকিটের এই বিপুল চাহিদা দেখা যাচ্ছে। যৌথ আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিটের জন্য ইতোমধ্যে ১২ কোটির বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আইসিসি।

বিশ্বকাপে 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ারের রানার্সআপ দল। আগামী ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ অভিযান শুরু করবে।

কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো, নামিবিয়ার রাজধানী উইন্ডহকের যে মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে, তার আসনসংখ্যা মাত্র সাড়ে ৭ হাজার! সেখানে টিকিটের দাবিদার প্রায় ৯ লাখ। আইসিসির নিয়ম অনুযায়ী, টিকিটের চেয়ে আবেদন বেশি হওয়ায় লটারির মাধ্যমে দর্শক নির্বাচন করা হবে।

অন্যদিকে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লাখ। টিকিট আবেদনে সবচেয়ে এগিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা; দেশটির আটটি ভেন্যুর ৪১টি ম্যাচের জন্য জমা পড়েছে সাড়ে ১০ কোটির বেশি আবেদন।

আগামী ২০২৭ সালের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে এই ক্রিকেট যুদ্ধ।