...|...|...

খেলা

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি ফ্রান্স ও সুইডেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, সকাল ১০:৪২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১৫
Shares
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি ফ্রান্স ও সুইডেন

ছবি: এআই

বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্স ৭৬টি এবং সুইডেন ৫৪টি ম্যাচ খেললেও, এর আগে কখনো তারা একে অপরের মুখোমুখি হয়নি। এবারই প্রথম বিশ্বমঞ্চের নকআউট পর্বে লড়াই করতে যাচ্ছে দল দুটি। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে নকআউটে এসেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ পর্বে দুর্দান্ত আক্রমণ, চমৎকার মিডফিল্ড আর সুশৃঙ্খল রক্ষণভাগের জোরে তারা সর্বোচ্চ ১০টি গোল করেছে, বিপরীতে গোল হজম করেছে মাত্র ২টি। কোচ দিদিয়ের দেশমের এই তারকাখচিত দলটিকে আটকানো সুইডেনের জন্য বেশ কঠিন হবে।

ফ্রান্সের আক্রমণভাগের মূল শক্তি কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে। এমবাপ্পে প্রথম তিন ম্যাচে ৪ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন। অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে মাত্র ২৫ মিনিটে হ্যাটট্রিক করে চমক দেখিয়েছেন দেম্বেলে; তার ঝুলিতেও রয়েছে ৪ গোল। এই জুটিকে সামলানোই হবে সুইডেনের প্রধান চ্যালেঞ্জ।

বিশ্বকাপের বাছাই পর্ব থেকে শুরু করে মূল পর্বের গ্রুপ পর্যায়- সবখানেই বেশ সংগ্রাম করতে হয়েছে সুইডেনকে। তিন ম্যাচে মাত্র একটি জয় ও একটি ড্র নিয়ে তারা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠেছে। ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগ ঠেকাতে সুইডিশ কোচ গ্রাহাম পটার চিরাচরিত রক্ষণাত্মক ৪-৪-২ ফরমেশনে দল নামাতে পারেন।

গ্রুপ পর্বে ভালো করতে না পারলেও সুইডেনকে বলা হয় ‘বড় ম্যাচের দল’। এর আগে ১৯৫০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে তারা তৃতীয় হয়েছিল। এছাড়া ১৯৫৮ সালের বিশ্বকাপের ফাইনালে পেলের ব্রাজিলের কাছে ৫-২ গোলে হেরে রানার্সআপ হওয়ার ঐতিহাসিক স্মৃতি রয়েছে তাদের। ফলে নকআউট ম্যাচে যেকোনো সময় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে দলটি।

বিশ্বকাপে দেখা না হলেও অন্যান্য প্রতিযোগিতায় ফ্রান্স ও সুইডেন মোট ২৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে জয়ের দিক থেকে এগিয়ে আছে ফ্রান্স; তারা জিতেছে ১২টি ম্যাচে। অন্যদিকে সুইডেনের জয় ৬টি ম্যাচে এবং বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।