...|...|...

খেলা

নারী ব্যালন ডি’অরে পুতেয়াসের নতুন ইতিহাস, জানুন তার সাফল্যের রহস্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৭
Shares
নারী ব্যালন ডি’অরে পুতেয়াসের নতুন ইতিহাস, জানুন তার সাফল্যের রহস্য

আলেক্সিয়া পুতেয়াস। ছবি: সংগৃহীত

নারী ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা আলেক্সিয়া পুতেয়াস। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ও একাধিক শিরোপা জয়ের স্বীকৃতি হিসেবে আবারও ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার নিজের করে নিলেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয় ব্যালন ডি’অরের ৭০তম আসর। পুরস্কার গ্রহণের পর পুতেয়াস বলেন, 'অনেক ধন্যবাদ। এখানে আবারও আসতে পেরে দারুণ লাগছে। ধন্যবাদ, ফ্রান্স ফুটবল।’ নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি আরও বলেন, ’যারা মনে করেছেন আমি এই পুরস্কার পাওয়ার যোগ্য, তাদের সবাইকে ধন্যবাদ। আমার সত্যিই কিছু বলার নেই, মনে বলার মতো অনেক কথাই জমে আছে! সকল মনোনীত ও বিজয়ী প্রতিযোগীকে অভিনন্দন।'

২০২৫-২৬ মৌসুমে পুতেয়াসের নেতৃত্বে লিগা এফ, কোপা দে লা রেইনা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে মহাদেশীয় কোয়াড্রপল পূর্ণ করে বার্সেলোনা। ক্লাবের এমন সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই স্প্যানিশ তারকা।

গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জোড়া গোল করে বার্সেলোনার ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার অবস্থানে ওঠেন পুতেয়াস। একই আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। এর আগে স্পেনের নেশনস লিগজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ফুটবলার।

ব্যক্তিগত অর্জনেও অনন্য পুতেয়াস। ২০২১, ২০২২ ও ২০২৬ সালে নারী ব্যালন ডি’অর জিতে তিনবার এই পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন তিনি। এ ছাড়া উয়েফা বর্ষসেরা নারী খেলোয়াড় ও ফিফা দ্য বেস্ট নারী খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন দুবার করে।

২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে ৫০৮ ম্যাচে ২৩২ গোল করেন পুতেয়াস। তার ক্লাব ক্যারিয়ারে রয়েছে উয়েফা উইমেনস চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লিগ ও কোপা দে লা রেইনাসহ একাধিক শিরোপা। ২০২০-২১ মৌসুমে ট্রেবল এবং ২০২৩-২৪ ও ২০২৫-২৬ মৌসুমে কোয়াড্রপল জয়ের সাফল্যও রয়েছে তার ঝুলিতে।

আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের ছাপ রেখেছেন পুতেয়াস। স্পেনের হয়ে ২০২৩ সালের নারী বিশ্বকাপ জিতেছেন তিনি। এ ছাড়া ২০২৪ ও ২০২৫ সালে উয়েফা উইমেনস নেশনস লিগজয়ী দলের সদস্য ছিলেন এই তারকা।