...|...|...

বিশ্ব

ফ্রান্সে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের নির্দেশ সরকারের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৭
Shares
ফ্রান্সে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের নির্দেশ সরকারের

ছবি: সংগৃহীত

ফ্রান্সে চলমান ‘ইয়েলো ভেস্টস’ বা হলুদ ভেজ পরা আন্দোলনকারীদের বিক্ষোভের সময় সম্ভাব্য সহিংসতা রোধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাক্সেস সাময়িকভাবে স্থগিত করার প্রস্তুতি নিতে দেশের প্রধান টেলিকম অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে ফরাসি সরকার। 

রবিবার (২৫ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফরাসি অনলাইন নিউজ পোর্টাল ব্লাস্ট-এর খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু দেশটির শীর্ষস্থানীয় চার টেলিকম অপারেটর—কমপক্ষে অরেঞ্জ, এসএফআর, ফ্রি এবং বুয়েগ টেলিকম-এর প্রতিনিধিদের কাছে একটি চিঠি পাঠান।

ওই চিঠিতে শনিবারে হতে যাওয়া বিক্ষোভের সময় সহিংসতা দেখা দিলে টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং এক্স-এর মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রবেশাধিকার সাময়িকভাবে ব্লক বা বন্ধ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

সাপ্তাহিক এই বিক্ষোভের ঠিক আগে প্রধানমন্ত্রী লেকর্নুর মন্ত্রিসভার সদস্য এবং অপারেটরদের আইনি পরিচালকদের মধ্যে একটি অনলাইন সভাও অনুষ্ঠিত হয়। বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্ল্যাটফর্মগুলোতে যেকোনো ধরনের নিষেধাজ্ঞা কেবল মোবাইল ফোন এবং নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। তবে সরকারের এই অনুরোধে অপারেটররা কিছু আপত্তি জানান এবং স্বল্প সময়ের মধ্যে এই ধরনের ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি সক্ষমতা তাদের নেই বলে উল্লেখ করেন। যদিও ব্লাস্টের এই প্রতিবেদনের বিষয়ে ফরাসি সরকার এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে ২০২৪ সালে নিউ ক্যালেডোনিয়ায় বিক্ষোভের সময় ফরাসি সরকার টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরবর্তীতে ২০২৫ সালে ফ্রান্সের স্টেট কাউন্সিল বা সর্বোচ্চ প্রশাসনিক আদালত সেই অঞ্চলে প্ল্যাটফর্মটির ওপর সরকারের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তটি অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়।

এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত শনিবার ফ্রান্সের রাজপথে আবারও ফিরে আসে ‘ইয়েলো ভেস্টস’ আন্দোলন। এই বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় ১,০০০ (এক হাজার) বিক্ষোভকারী আটক হয়েছেন।