বিশ্বখ্যাত ফরাসি চিত্রশিল্পী ক্লদ মোনের আঁকা ‘আইরিস’ চিত্রকর্ম নিলামে ৫ কোটি ইউরোতে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬৫৭ কোটি টাকা। এর মধ্য দিয়ে ফ্রান্সে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্মের রেকর্ড গড়েছে ছবিটি। খবর নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’সের।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে অনুষ্ঠিত নিলামে ছবিটি কিনতে বিশ্বের বিভিন্ন দেশের ধনাঢ্য শিল্পসংগ্রাহকেরা অংশ নেন। দীর্ঘ দরকষাকষির পর এশিয়ার এক সংগ্রাহক টেলিফোনে দর হাঁকিয়ে চিত্রকর্মটি কিনে নেন।
সোথবি’স জানিয়েছে, ছবিটি কেনার জন্য ছয়জন ক্রেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম দফায় প্রায় ৪৫ মিনিট ধরে চলে দর হাঁকাহাঁকি। পরে শেষ দুই ক্রেতার মধ্যে আরও ২০ মিনিট ধরে প্রতিযোগিতা চলে। সব মিলিয়ে ৬৫ মিনিটের দরদামের পর চূড়ান্ত হয় বিক্রি।
মোনের জীবনের শেষ দিকের আঁকা এই চিত্রকর্মটি ছিল শ্লুমবার্জার সংগ্রহের কয়েকটি শিল্পকর্মের একটি, যেগুলো নিলামে তোলা হয়েছিল। নিলামের আগে ‘আইরিস’-এর সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছিল ২ কোটি ২০ লাখ থেকে ৩ কোটি ইউরোর মধ্যে। তবে শেষ পর্যন্ত ছবিটি বিক্রি হয়েছে সেই অনুমিত সর্বোচ্চ দামের চেয়েও অনেক বেশি মূল্যে।
এর আগে ফ্রান্সে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্মের রেকর্ড ছিল ইতালীয় চিত্রশিল্পী আমেদেও মোদিগ্লিয়ানির ‘হেড অব আ ক্যারিয়াটিড’-এর দখলে। ২০১০ সালে চিত্রকর্মটি ৪ কোটি ৩২ লাখ ইউরোতে বিক্রি হয়েছিল।
নতুন এই বিক্রির মধ্য দিয়ে সেই রেকর্ড ভেঙে দিল মোনের ‘আইরিস’। শিল্পকর্মটির বিক্রয়মূল্য ও দীর্ঘ সময় ধরে চলা দরদাম আন্তর্জাতিক শিল্পবাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

