ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাজাফ প্রদেশে ‘শামস-৪’ নামের চতুর্থ তেল কূপের খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রদেশটিকে একটি প্রধান তেল হাব এবং অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের অংশ হিসেবে একে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন নাজাফের গভর্নর ইউসুফ কানাবি।
শুক্রবার (১৬ অক্টোবর) এই খনন কাজ শুরুর ঘোষণা দিয়ে গভর্নর বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং প্রদেশের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, যা পরবর্তীতে সার্বিক পুনর্গঠন ও উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।
তেল অনুসন্ধানের বিশাল সম্ভাবনা
নতুন এই তেল কূপটি নাজাফের সৌদি আরব সীমান্তবর্তী অনুন্নত মরুভূমি অঞ্চলের প্রায় ৮ হাজার ৭৩৩ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত ‘আল-কারনাইন’ ব্লকের অন্তর্ভুক্ত। ইরাকের ২০২৪ সালের লাইসেন্সিং রাউন্ডে এই ব্লকটির ইজারা পায় চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ঝেনহুয়া অয়েল। বর্তমানে তারা ‘কারনাইন পেট্রোলিয়াম কোম্পানি’-র মাধ্যমে এর কার্যক্রম পরিচালনা করছে।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে এই ব্লকের প্রথম অনুসন্ধানমূলক কূপ ‘শামস-১১’-এর খনন কাজ শুরু হয়েছিল। সেখান থেকে প্রায় ৮৮০ কোটি (৮.৮ বিলিয়ন) ব্যারেল হালকা ক্রুড অয়েল বা খনিজ তেলের সম্ভাব্য মজুতের ইঙ্গিত মিলেছিল এবং পরীক্ষামূলকভাবে দৈনিক ৩ হাজার ২৪৮ ব্যারেল তেল উৎপাদিত হয়েছিল।
গত মে মাসে গভর্নর ইউসুফ কানাবি জানিয়েছিলেন যে, আগামী এক বছরের মধ্যেই আল-কারনাইন ব্লক থেকে আনুষ্ঠানিকভাবে অপরিশোধিত তেল বা ক্রুড উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে স্থানীয় প্রশাসন। এরপর গত জুলাই মাসে আরও একটি নতুন অনুসন্ধানমূলক কূপ খননের প্রস্তুতি নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।
১০ বিলিয়ন ব্যারেল তেল রিজার্ভের সম্ভাবনা
গভর্নর কানাবির তথ্য অনুযায়ী, নাজাফ প্রদেশে বর্তমানে প্রধানত তিনটি তেলক্ষেত্র রয়েছে। এর মধ্যে দুটি হলো—ইউনিট ৩৩ এবং ইউনিট ৩৬, যা প্রতিবেশী প্রদেশগুলোর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে গঠিত অনুসন্ধান ব্লক।
প্রদেশটির প্রাদেশিক পরিষদের চেয়ারম্যান হুসেইন আল-ইস্সাউই গত মে মাসে জানিয়েছিলেন যে, নাজাফের ভূগর্ভস্থ ভূ-গঠনে প্রায় ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ব্যারেল পর্যন্ত ক্রুড অয়েল বা খনিজ তেল লুকানো থাকতে পারে।


