ইসরায়েলের সব জায়নবাদী বিরোধী দলকে নিয়ে ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন তিনি। একই সাথে সবচেয়ে বড় দলের নেতা হিসেবে নতুন সরকারের নেতৃত্ব নিজের হাতে রাখার কথাও জানিয়েছেন নেতানিয়াহু।
সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় বিরোধী জোটের নেতাদের উদ্দেশে এ আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবর জেরুজালেম পোস্টের।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলের যেকোনো জায়নবাদী রাজনৈতিক দল তার নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে পারে। এ ক্ষেত্রে কাউকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই তার। তবে একক বৃহত্তম দলের প্রধান হিসেবে ঐক্য সরকারের নেতৃত্ব দেওয়ার অধিকার নিজের রয়েছে বলে দাবি করেন তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত সরকারে জাতীয়তাবাদী শিবিরের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকা প্রয়োজন। এর মধ্যে অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী হারেদি দলগুলোকেও অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি।
নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের সামনে থাকা বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
বিরোধী দলগুলোর সম্ভাব্য জোট সরকার গঠনের উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, ‘হামাসের সমর্থকদের নিয়ে সরকার গঠন করা যায় না।’
এর আগে শনিবার নির্বাচনের পর প্রথমবারের মতো জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু।
সেদিন তিনি বলেন, ‘এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। জনগণের ইচ্ছাও সেটিই। বর্তমান পরিস্থিতিতে এটাই সময়ের দাবি। সন্ত্রাসের সমর্থকদের ওপর নির্ভরশীল কোনো সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে পারবে না।’
একই সাথে বিরোধী দলগুলোকে সতর্ক করে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইসলামপন্থী দলগুলোর সাথে জোট করে বিরোধীরা সরকার গঠন করলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
নেতানিয়াহু বলেন, বিরোধী দলগুলো ইসলামপন্থীদের সাথে মিলে সরকার গঠন করলে ইসরায়েল ‘টিকে থাকতে পারবে না’। তার দাবি, এ ধরনের সরকার দেশটিকে ভেতর থেকে ধ্বংস করে দেবে।
তবে বিরোধী দলগুলোর প্রতি কঠোর সমালোচনা অব্যাহত রাখলেও জায়নবাদী রাজনৈতিক দলগুলোর জন্য নিজের নেতৃত্বাধীন ঐক্য সরকারের দরজা খোলা রেখেছেন নেতানিয়াহু।


